বারবার অচল হচ্ছে ডাবিং থিয়েটার
কয়েক মাস বন্ধ থাকার পর এফডিসির ডাবিং থিয়েটারের একটি কক্ষ মেরামত করে চালু করা হয়, কিন্তু সপ্তাহ না ঘুরতেই আবার সেটি বিকল হয়। প্রায় দুই সপ্তাহ পর আবার মেশিনটি মেরামত করা হলেও ডাবিং থিয়েটারের একজন প্রকৌশলী জানান, যেকোনো সময় আবার তা বিকল হওয়ার আশঙ্কা আছে।জানা গেছে, ডাবিং থিয়েটারের রক অ্যান্ড রোল মেশিনটি ঠিক হওয়ার পর মনের জ্বালা ছবির ডাবিং শুরু করেন পরিচালক মালেক আফসারী। কিন্তু মাঝপথে তা আবার অকেজো হওয়ায় শিল্পীদের শিডিউল সব এলোমেলো হয়ে গেছে। এদিকে মনের জ্বালার প্রযোজক তাপসী ঠাকুর জানিয়েছেন, ‘ছবির কাজ শেষ করে ঈদের আগেই সেন্সর বোর্ডে জমা দেওয়ার সিদ্ধান্ত ছিল, কিন্তু ডাবিং থিয়েটারের সমস্যার কারণে আটকে গেছি। এদিকে ছবির শিল্পী শাকিব খান ঈদের আগেই চলে যাচ্ছেন সিঙ্গাপুরে। এর মধ্যে ডাবিং শেষ না হলে কোরবানির ঈদেও ছবিটি মুক্তি দিতে পারব না।’ডাবিং থিয়েটারের সমস্যার কারণে আতঙ্কে আছেন নির্মাণাধীন ছবির নির্মাতারা। কেউ কেউ বেসরকারি স্টুডিওতে ডাবিং করার পরিকল্পনা করছেন। এর ফলে এফডিসি বড় অঙ্কের রাজস্ব হারাবে।এফডিসির কারিগরি পরিচালক রানা হামিদ বললেন, ‘কারিগরি দিকে আমাদের কারও হাত নেই। যন্ত্র নষ্ট হচ্ছে, আবার তা মেরামতের উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে এফডিসির ডিজিটাল সাউন্ড কমপ্লেক্স পুরোপুরি চালু হওয়ার পরই আমরা এ সমস্যা থেকে মুক্তি পাব।’