
এত দিনে যেন বলিউডবাসী হারে হারে টের পাচ্ছে আমিরের সেই ‘অসহিষ্ণু ভারত’ বিষয়ক মন্তব্যের বাস্তবতা। নির্মাতা সঞ্জয়লীলা বানসালি তাঁর পদ্মাবতী ছবির সেটে যেভাবে লাঞ্ছিত হলেন, তা দেখে স্তম্ভিত বলিউড। এখনো হামলাকারীদের বিরুদ্ধে ভারতের সরকার কোনো ব্যবস্থা না নিলেও, বলিউডবাসীর শোক ও ক্ষোভের প্রকাশ থেমে নেই। কিন্তু মনে করিয়ে দিই, সঞ্জয়লীলা বানসালি এবারই প্রথম এমন রোষের শিকার হলেন না। এর আগেও তাঁর ছবিগুলো নানাভাবে কট্টরপন্থীদের প্রতিরোধের মুখে পড়েছিল।

‘রাম-লীলা’-এর নামবদল
রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনকে নিয়ে সঞ্জয়লীলা বানসালির প্রথম কাজ ছিল রাম-লীলা। কিন্তু আমিরের ভাষায় ‘অসহিষ্ণু’ একটি দল ছবির শুটিংয়ের সময়ই শুরু করে এ নিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ। তাদের ভাষায়, রাম-লীলা নামটি নাকি তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। মুক্তির আগেই ছবির গল্প নিয়ে প্রশ্ন তোলে কট্টরপন্থী এক দল। বিক্ষোভের মুখে পড়ে শেষ নাগাদ বদলাতে হয় ছবির নাম। শেষমেশ ক্ষোভের মুখে নাম বদলে রাখা হয় গোলিও কি রাসলীলা রামলীলা।

‘বাজিরাও মাস্তানি’ নিয়ে হট্টগোল
সঞ্জয়লীলা বানসালির সর্বশেষ মুক্তি পাওয়া ছবি বাজিরাও মাস্তানি। এটি নিয়েও উত্তেজনার কমতি ছিল না। ছবি মুক্তির আগেই এর গল্প নিয়ে নানা জনে নানা প্রশ্ন তোলেন। ছবির শুটিংয়ের সময় মারাঠি সেনাপতি বাজিরাওয়ের জীবনীকে ভুল ব্যাখ্যা করার অপবাদ এনে বানসালিকে নানা ধরনের হুমকি দেন শিবাজি বাজিরাওয়ের জীবিত বংশধরেরা। তাঁরা অভিযোগ তোলেন, মারাঠা সেনাপতি শিবাজি বাজিরাও কখনোই এভাবে নেচেগেয়ে কিছু উদ্যাপন করতেন না। তাই যখনই তাঁরা শুনেছেন ‘বাজিরাও’ চরিত্রে অভিনয় করা রণবীর সিং অংশ নিচ্ছেন নাচের দৃশ্যের শুটিংয়ে তখনই ক্ষোভ বাড়ে মারাঠা বংশধরদের। তাঁরা শুরু করেন আন্দোলন। আরও একটি গানের দৃশ্যায়ন নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা। সেই গানটি ছিল দীপিকা পাড়ুকোন ও প্রিয়াঙ্কা চোপড়ার অংশ নেওয়া ‘পিংগা’। মারাঠারা অভিযোগ করেন, দুই সতিন কাশিবাঈ ও মাস্তানির মধ্যে নেচেগেয়ে বেড়ানোর মতো সখ্য কখনোই ছিল না। এমনকি কাশিবাঈ নাকি হাঁপানি রোগী ছিলেন। তাই কাশিবাঈবেশী প্রিয়াঙ্কা ‘পিংগা’ গানে যেভাবে নেচেছেন তা কিছুতেই মেনে নিতে পারেনি মারাঠাগোষ্ঠী।

শেষ ‘পদ্মাবতী’ কাণ্ড!
আগের দুই ক্ষেত্রে তো শুধু বিক্ষোভ আর অভিযোগ তোলা পর্যন্তই সীমাবদ্ধ ছিল। এবারের কাণ্ড সীমা ছাড়িয়ে গেছে বলে মনে করছেন বলিউডসহ ভারতের অনেক গণ্যমান্য ব্যক্তি। ছবির শুটিং পর্যায়েই রাজস্থানের কট্টরপন্থী রাজপুতেরা মারধর পর্যন্ত পৌঁছে যান। গত শুক্রবার তাঁরা বানসালি পদ্মাবতীর শুটিং সেটে হামলা চালান। এমনকি বানসালিকে লাঞ্ছিতও করেন। করনি সেনা নামের সেই কট্টরপন্থী রাজপুতদের অভিযোগ, রানি পদ্মিনীর জীবনকে এ ছবিতে হেয় করা হচ্ছে। বানসালি বিকৃত করছেন তাঁদের ঐতিহ্য ও ইতিহাসকে। কিন্তু অবাক করা বিষয় হলো, যে ছবির গল্পের কোনো অংশই এ পর্যন্ত প্রকাশিত হয়নি, সে ছবি ইতিহাসকে কতটা বদলে দিচ্ছে তা কী করে আগে থেকে টের পেলেন রাজপুতেরা? আর হামলা ও ভাঙচুর হওয়ার পরও কেন কোনো পদক্ষেপ নেয়নি ভারত সরকার, তা নিয়ে এখন নানা মহল থেকে উঠছে প্রশ্ন।
তবে এ দফায় বানসালি সত্যিই আঘাত পেয়েছেন মনে। লাঞ্ছিত হওয়ার পরই স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রাজস্থানে আর কোনো দিন শুটিং করবেন না।
আদর রহমান
দ্য হিন্দু, ফোর্বস ইন্ডিয়া ও ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে