বারো হাতের অবয়ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীর অবয়ব এঁকে তাতে রং ছুঁয়ে দিয়েছেন শিল্পী। রং পাওয়া সে অবয়বগুলোতে ভেসে উঠেছে স্বতন্ত্র গল্প। নিজস্বতা থাকলেও গল্পগুলোর ভেতরে রয়েছে আত্মীয়তা। গ্যালারি ঘুরে দেখলে দর্শক বুঝবেন, গল্পগুলো নারীর সংগ্রামের কথা বলছে। যে ছবিগুলোর কথা বলা হচ্ছে, সেগুলোর ভিন্ন ভিন্ন নাম। তবে সব কটিকে এক নামে ‘টুয়েলভ হ্যান্ড’ বা ‘বারো হাত’ নাম দিয়েছেন শিল্পী।
গতকাল শুরু হয়েছে চিত্রশিল্পী অভিজিৎ চৌধুরীর ১২তম একক চিত্র প্রদর্শনী। বিকেলে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার গ্যালারি-৪-এ প্রধান অতিথি হিসেবে এই প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক-বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ ও উইমেন এন্ট্রাপ্রেনিউর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট নাসরিন ফাতেমা আউয়াল। অতিথিরা তিনটি ক্যানভাসে ছবি এঁকে প্রদর্শনীর উদ্বোধন করেন।
শুধু নারীকে নিয়ে একটি ছবির সিরিজ আঁকায় নাসরিন ফাতেমা আউয়াল বিশেষভাবে অভিনন্দন জানান শিল্পীকে। গওহর রিজভী বলেন, ‘ছবিগুলো দেখে শুরুতে মনে হয়েছে এগুলো বোধ হয় বিমূর্ত। খানিক পরেই বুঝেছি এগুলো নারী অবয়ব। রঙের ভেতর থেকে ছবিগুলোকে আবিষ্কার করতে পেরে ভালো লেগেছে।’
অভিজিৎ জানান, এই প্রদর্শনীর জন্য তিন মাস ধরে বিভিন্ন মাধ্যমে ৫৫টি ছবি তিনি এঁকেছেন। প্রদর্শনীটি চলবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা।