বার্জার তরুণশিল্পী চিত্রকর্ম প্রতিযোগিতা ২২ বছরে

‘বার্জার তরুণশিল্পী চিত্রকর্ম প্রতিযোগিতা’ এ বছর ২২ বছরে পড়ছে। ১৯৯৬ সাল থেকে প্রতি বছর এই চিত্রকর্ম প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবারের আয়োজনের বিভিন্ন কর্মসূচি জানাতে আজ গুলশান ক্লাবের লামুডা মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার-মার্কেটিং অ্যান্ড সেলস্ মহসিন হাবিব চৌধুরী, জেনারেল ম্যানেজার-মার্কেটিং সাদেক নেওয়াজ, ২২তম বার্জার তরুণশিল্পী চিত্রকর্ম প্রতিযোগিতার জুরি কমিটির চেয়ারম্যান প্রখ্যাত চিত্রশিল্পী মনিরুল ইসলাম, উপদেষ্টা জুরি কমিটির অন্যতম সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে মহসিন হাবিব চৌধুরী এই বছরে অনুষ্ঠিতব্য প্রতিযোগিতার নানাবিধ কার্যক্রম ঘোষণা করেন। তিনি জানান, প্রতিযোগিতায় বিজয়ীরা প্রাইজমানির পাশাপাশি কলকাতার রবীন্দ্রভারতীতে চিত্রকর্মশালায় অংশগ্রহণের সুযোগ পাবেন। এবার দেশের চিত্রশিল্পে অনন্য অবদান রাখার জন্য আজীবন সম্মাননা দেওয়া হবে বরেণ্য চিত্রশিল্পী মাহমুদুল হককে। বিজয়ীদের ছয়টি পেইন্টিংসহ বাছাইকৃত ৪০টি পেইন্টিং নিয়ে পাঁচ দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করা হবে।