বার্জারের তরুণশিল্পী চিত্রকর্ম প্রতিযোগিতা

আবারও শুরু হচ্ছে বার্জার তরুণশিল্পী চিত্রকর্ম প্রতিযোগিতা। এ উপলক্ষে দেশের চিত্রকলায় অসামান্য অবদান রাখায় এ বছর বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের আজীবন সম্মাননা পাচ্ছেন বরেণ্য চিত্রশিল্পী মনিরুল ইসলাম।
এ বছরের প্রতিযোগিতার সেরা ছয় চিত্রকরের ছবি দিয়ে ২০১৭ সালের ক্যালেন্ডার তৈরি করবে বার্জার। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ীকে পুরস্কার হিসেবে দেওয়া হবে যথাক্রমে নগদ এক লাখ, ৭৫ হাজার ও ৫০ হাজার টাকা। এ ছাড়া আরও থাকবে শান্তি নিকেতন ও বিশ্বভারতীয়সহ ভারতের বিভিন্ন দর্শনীয় স্থানে সাত দিনের ভ্রমণের সুযোগ। চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ বিজয়ীরা পাবেন নগদ ৪০ হাজার টাকা।
প্রতিযোগিতায় জমা দেওয়ার জন্য তেলরং, জলরং, অঙ্কন ও রেখাচিত্র, ছাপচিত্র ও মিশ্র মাধ্যমের যে কোনো একটি মাধ্যমে চিত্রকর্ম পাঠানো যাবে। ছবিগুলো হতে হবে দুই ফুট বাই ফুট অথবা ২৪ ইঞ্চি বাই ২৪ ইঞ্চি। ১৮ থেকে ৩৫ বছরের বাংলাদেশি নাগরিক এতে অংশ নিতে পারবেন। বয়স যাচাইয়ের সুবিধার্থে এসএসসি সনদের অনুলিপি বা জন্মসনদের অনুলিপি প্রথম শ্রেণির গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত করে একটি ফাইভ আর রঙিন ছবিসহ চিত্রকর্মের সঙ্গে জমা দিতে হবে। জুরিবৃন্দ প্রাথমিকভাবে ৪০টি ও চূড়ান্ত প্রতিযোগিতার জন্য ছয়টি ছবি বাছাই করবেন। বাছাইকৃত ছবিগুলো নিয়ে নভেম্বরে হবে পাঁচ দিনের একটি প্রদর্শনী। তখনই বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। ক্যালেন্ডারের জন্য ছয়টি ছবি রেখে বাকী ৩৪টি চিত্রকর্ম ফেরত দেওয়া হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীকে ছবির পেছনে বাংলা ও ইংরেজিতে নাম ও ঠিকানা সঠিকভাবে লিখে দিতে হবে।
আজ রোববার রাজধানীর একটি অভিজাত ক্লাব মিলনায়তনে ‘বার্জার তরুণ শিল্পী চিত্রকর্ম প্রতিযোগিতা ২০১৬’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। তরুণ শিল্পীদের নিয়ে এই চিত্রকর্ম প্রতিযোগিতা এবার ২১ বছরে পদার্পণ করতে যাচ্ছে।
প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন জুরি কমিটির প্রধান চিত্রশিল্পী বীরেন সোম ও আয়োজনের উপদেষ্টা চিত্রশিল্পী আবদুশ শাকুর শাহ। এ সময় উপস্থিত ছিলেন বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক (মার্কেটিং অ্যান্ড সেলস) মহসিন হাবিব চৌধুরী, মহাব্যবস্থাপক (মার্কেটিং) সাদেক নেওয়াজ। সংবাদ সম্মেলনে জানানো হয়, পুরস্কারপ্রাপ্তির পর যদি কোন ছবির বিরুদ্ধে অনুকরণ, অনুসরণ, অনুকৃতির প্রমাণ মেলে তাহলে পুরস্কারটি বাতিল বলে গণ্য হবে। পুরস্কারপ্রাপ্ত ছয়টি ছবি বার্জার পেইন্টস্ বাংলাদেশ লিমিটেডের নিজস্ব সম্পদ হিসেবে বিবেচিত হবে। চিত্রকর্ম পাঠানো যাবে ৩১ আগস্ট পর্যন্ত। চিত্রকর্ম পাঠানোর ঠিকানা সংবাদপত্রের মাধ্যমে প্রকাশ করা হবে।