
আগের দিন স্বর্ণ ভালুক বিজয়-বিষয়ক উত্তেজনা ফুরোবার পর উৎসব পুরোপুরি মিইয়ে যাবে ভাবছিলাম। ১৮ ফেব্রুয়ারি রাতেই দেখেছি গ্র্যান্ড হায়াত হোটেলের সামনে নানা দেশ থেকে উড়ে আসা সাংবাদিকদের ঘরে ফেরার তাড়া। উৎসবের আর বড় কিছু বাকি নেই। সুতরাং, এবার ঘরে চলো।
১৯ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে ৬৭তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শেষ হয়। ভিড় এড়ানো যাবে ভেবে শেষ দিনের শেষ প্রদর্শনীর টিকিট কেটেছিলাম। লাইন ধরতে হবে ভাবিনি। আর রাত সাড়ে নয়টায় লোগান ছবি দেখার জন্য দর্শকদের লাইন বেরলিনাল পালাস্টের লালগালিচা থেকে মাইলখানেক লম্বা হবে, সেটা তো দূরতম ভাবনাতেও ছিল না। কিন্তু ঘটেছে সেটাই।
পাশেই শপিং সেন্টারে উৎসবের টিকিট কাউন্টারে যখন সবকিছু সরিয়ে ফেলার তাড়া, তখন বেরলিনাল পালাস্টের সামনে লম্বা লাইন। আবালবৃদ্ধবনিতা সবাই জমায়েত সেই লাইনে।
বেরলিনাল পালাস্টের অন্দরে
একটা প্রেক্ষাগৃহ এত বড় হতে পারে, সেটা বেরলিনাল পালাস্টের ভেতর না ঢুকলে বোঝা মুশকিল। নিচতলায় নয় ওপরতলায়—এই করতে করতে চতুর্থ কি পঞ্চম তলায় এসে মিলল নির্ধারিত আসন।
‘বার্লিনের সিনেমা প্রজেকশন বিশ্বসেরা। এমনকি কান উৎসবের চেয়েও ভালো।’ বলছিলেন কলম্বিয়ার সাংবাদিক বন্ধু হুয়ান কার্লোস। আসলেই কার্লোসের কথা মিথ্যা নয়। শব্দ আর ছবি মিলিয়ে পালাস্টেয় সিনেমা দেখার অভিজ্ঞতা অসাধারণ।
বার্লিন চলচ্চিত্র উৎসবের হৃৎপিণ্ড এই বেরলিনাল পালাস্টে। এটি মূলত একটি মিউজিক্যাল থিয়েটার। একসঙ্গে দেড় হাজারের বেশি মানুষ এখানে বসে অনুষ্ঠান উপভোগ করতে পারেন।
রাত সাড়ে নয়টায় শুরু হওয়া ছবির প্রদর্শনী শেষ হতে হতে গভীর রাত। ছবি শেষেও দেখছি দর্শকদের সরে পড়ার নাম নেই। পালাস্টের দেয়ালে এবারের প্রতিযোগিতা বিভাগে জায়গা পাওয়া ছবির নির্মাতাদের পোর্ট্রেট। ড্যানি বোয়েল, গুরিন্দার চাডার সঙ্গে আছে অনেক নতুন মুখও। সেখানে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছেন সবাই।
গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে পালাস্টে ছেড়ে বেরিয়ে আসছি। বড় রাস্তার কাছে উৎসবের আলোগুলো তখনো জ্বলছে। হয়তো আবার দেখা হবে, বার্লিন।