বার্লিনের বিজয়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইলদিকো এনেদি ,আকি কাউরিসমাকি ও জর্জ ফ্রেডরিখ
ইলদিকো এনেদি ,আকি কাউরিসমাকি ও জর্জ ফ্রেডরিখ

১৯ ফেব্রুয়ারি ফুরিয়েছে বিশ্বের অন্যতম সম্ভ্রান্ত বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। পরিচিত হোন এবারের উৎসবের সামনের সারির পুরস্কার বিজয়ীদের কয়েকজনের সঙ্গে।

কিম মিন হি
কিম মিন হি

মৃদুভাষী ইলদিকো এনেদি
হাঙ্গেরিতে জন্ম ইলদিকো এনেদির। এখন হাঙ্গেরি আর জার্মানি দুই দেশেই থাকা হয়। এনেদি ক্যারিয়ার শুরু করেছিলেন একজন কনসেপচুয়াল আর্টিস্ট হিসেবে। ১৯৮৯ সালে তিনি মাই টোয়েন্টিয়েথ সেঞ্চুরি ছবিটি দিয়ে আলোচনায় আসেন। কান উৎসবে ক্যামেরা দ’র জিতেছিল সেই ছবি। এবারে অন বডি অ্যান্ড সোল দিয়ে জিতলেন বার্লিন চলচ্চিত্র উৎসবের সবচেয়ে বড় পুরস্কার। দুজন একাকী হৃদয়, মৃদুভাষী মানুষের কোমল ভালোবাসার গল্প অন বডি অ্যান্ড সোল। ‘শুধু উদার মন নিয়ে দেখলেই আমার এই ছবির গভীরে যাওয়া সম্ভব।’ স্বর্ণ ভালুক হাতে নিয়ে বলেছেন এনেদি।

খ্যাপাটে কাউরিসমাকি

আকি কাউরিসমাকি লোকটা যে একটু খ্যাপাটে, সেটা আর আলাদা করে বলে দিতে হয় না। বার্লিন উৎসবের সেরা পরিচালকের নাম ঘোষণা হয়েছে। নিজের নাম শুনে কই তড়িঘড়ি ছুটে আসবেন রুপালি ভালুক হাতে তুলে নিতে, অথচ কাউরিসমাকি গ্যাট হয়ে বসে রইলেন নিজের জায়গায়; যেন বিরাট এক বিপদে পড়ে গেছেন। পুরস্কার যখন তাঁর আসন অবধি পৌঁছে গেল, তখন ‘অগত্যা’ পুরস্কারটা হাতে নিলেন। তারপর মাইক্রোফোনের বদলে রুপালি ভালুক পুরস্কারটাকেই মাইক্রোফোনের মতো করে ধরে নিজের অনুভূতি শোনালেন। পাগলামি আর কাকে বলে। তারও চেয়ে বড় হেঁয়ালি অবশ্য এই নির্মাতা করে ফেলেছেন বেরলিনাল পালাস্টে ঢোকার আগেই। হুট করে ঘোষণা দিয়ে বসেছেন, চলচ্চিত্র-দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন তিনি। এখন সেই সিদ্ধান্ত পাল্টায় কি না, কে জানে। দ্য আদার সাইড অব হোপ তৈরি হয়েছে ঘটনাচক্রে ফিনল্যান্ডে আশ্রয় নেওয়া এক সিরীয় শরণার্থীকে ঘিরে।

প্রেমে আর কৃতজ্ঞতায় কিম মিন হি

কান থেকে বার্লিন। দক্ষিণ কোরিয়ার কিম মিন হি এখন সিনেমা-দুনিয়ায় আলোচিত এক নাম। রাইট নাও, রং দেন; নো টিয়ার্স ফর ডেড তাঁর সাড়াজাগানো দুই ছবি। গেল বছরে কান চলচ্চিত্র উৎসবে আলোচিত ছিল তাঁর অভিনীত হ্যান্ডমেইডেন। এবারের বার্লিন উৎসবেও অন দ্য বিচ অ্যাট নাইট অ্যালোন দিয়ে শুরু থেকেই ছিলেন আলোচনায়।
তবে শুধু অভিনয় নয়, পরিচালকের সঙ্গে সম্পর্কের গুজবের কারণেও শিরোনাম হয়েছেন কিম। এবারে বার্লিনে সেরা অভিনেত্রীর পুরস্কার হাতে নিয়ে নির্মাতা হং সাং সুকে বারবার ‘ধন্যবাদ, শ্রদ্ধা আর ভালোবাসা’ জানানোর পর সেই গুজব জোরদার হয়েছে আরও।

মঞ্চের জর্জ ফ্রেডরিখ

বার্লিনের মঞ্চে জর্জ ফ্রেডরিখ পরিচিত এক নাম। এবারে সেরা অভিনেতার পুরস্কার হাতে নিয়ে অস্ট্রিয়ান এই অভিনেতা বেশ কায়দা করে যে বক্তব্য দিয়েছেন, সেটি মোটামুটি বেশ লম্বা।

ব্রাইট নাইটস ছবিতে অভিনয় জর্জকে এনে দিয়েছে সেরা অভিনেতার পুরস্কার। ছবিটি নরওয়ের পটভূমিতে পিতা ও পুত্রের সম্পর্কের গল্প। ২০০৪ সালে ইউরোপিয়ান শুটিং স্টার পুরস্কার জিতেছিলেন জর্জ।