বালামের নতুন ‘ভুবন’
‘বালাম থ্রি’ অ্যালবামটি প্রকাশের তিন বছর পর বালামের নতুন একক অ্যালবাম ‘ভুবন’ প্রকাশিত হতে যাচ্ছে। এটি তাঁর চতুর্থ একক গানের অ্যালবাম।পয়লা বৈশাখ সামনে রেখে বালামের চতুর্থ একক অ্যালবামটি প্রকাশিত হবে। এবারই প্রথম নিজের নামের বাইরে এসে অ্যালবামের নাম দিলেন এই গায়ক, সুরকার ও সংগীতপরিচালক। ‘ভুবন’ অ্যালবামে গান থাকছে মোট ১০টি। গানগুলোর শিরোনাম ‘ও আকাশ’, ‘ভুবন, ‘জানলে না’, ‘একটু শোনো না’, ‘অনুতাপ’, ‘লুকোচুরি-২’, ‘স্বপ্ন’, ‘দিয়ো না ফিরিয়ে’, ‘ডানা মেলে’ ও ‘দিন চলে যায়’। অ্যালবামটি প্রসঙ্গে বালাম বলেন, ‘তিন বছরের বেশি সময় নিয়ে গানগুলো তৈরি করেছি। নিজের মনের মতো গান তৈরি করতেই এত সময় নেওয়া। এখন মনে হচ্ছে, বিষয়টি ভালোই দাঁড়িয়েছে। তাই প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি।’ বালাম আরও বলেন, ‘এ অ্যালবামে অ্যাকুস্টিক সাউন্ডের ওপর বেশি গুরুত্ব দিয়েছি। আশা করছি, বৈশাখের প্রথম সপ্তাহেই অ্যালবামটি আমার ভক্ত-শ্রোতাদের হাতে তুলে দিতে পারব।’ ‘ভুবন’ অ্যালবামের নতুনত্ব প্রসঙ্গে বালাম বলেন, ‘আগের অ্যালবামগুলোতে আমি মূলত পপ ধারার গানই বেশি করেছি। এবার তা থেকে বেরিয়ে এসেছি। শ্রোতারা শুনলেই সেটা বুঝতে পারবেন।’ অ্যালবামটি প্রকাশ করবে নতুন একটি প্রযোজনা প্রতিষ্ঠান। তবে প্রতিষ্ঠানটির নাম এখনই প্রকাশ করতে চান না বালাম।