বাল্কির নতুন ছবিতে অমিতাভ-শাহরুখ!

বলিউডের নির্মাতা আর বাল্কি তাঁর নতুন একটি ছবিতে আবারও অমিতাভ বচ্চনকে নেওয়ার পরিকল্পনা করেছেন। শুধু অমিতাভই নন, এবারে তিনি সঙ্গে রাখতে চান ‘বলিউড বাদশাহ’ শাহরুখ খানকেও। এর মধ্যেই ছবিটিতে বলিউডের প্রথম সারির এ দুই তারকাকে অন্তর্ভুক্ত করার চেষ্টা শুরু করেছেন তিনি।
এর আগে আর বাল্কির পরিচালনায় দুটি ছবিতে অভিনয় করেছিলেন বলিউডের প্রখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন। একটি ‘পা’, অন্যটি ছিল ‘চিনিকম’।
এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে ‘টাইমস অব ইন্ডিয়া’ জানিয়েছে, বাল্কি তাঁর নতুন ছবির সাফল্য নিয়ে অনেক বেশি আশাবাদী। গল্প ও চিত্রনাট্যের প্রয়োজনেই ছবিটিতে বড় মাপের দুজন তারকা অভিনেতাকে অন্তর্ভুক্ত করতে চান তিনি। এর মধ্যেই বিষয়টি নিয়ে অমিতাভের সঙ্গে কথা হয়েছে তাঁর। ছবিটিতে অমিতাভের পাশাপাশি শাহরুখ খানকে নেওয়ার সবরকম চেষ্টাই চালিয়ে যাচ্ছেন বাল্কি।
সূত্রটি আরও জানিয়েছে, ‘চিনিকম’ ও ‘পা’ ছবিতে অমিতাভের সঙ্গে কাজ করতে গিয়ে তাঁদের মধ্যে দারুণ সুসম্পর্ক গড়ে উঠেছে। ‘মোহাব্বাতে’ (২০০০) এবং ‘কাভি খুশি কাভি গম’ (২০০১) ছবিতে অমিতাভ ও শাহরুখের অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলেন অগণিত দর্শক। বাল্কি তাঁর নতুন ছবির মাধ্যমে অমিতাভ-শাহরুখের সেই জাদু আবার দর্শকদের উপহার দিতে চান।