বিয়ের জন্য মাঝরাতে ঘুম থেকে তোলা হয়েছিল পাঁচ বছরের শিশু রজনীকে। বাল্যবিবাহ নিষিদ্ধ হলেও ভারতের রাজস্থানের এই শিশু নিস্তার পায়নি। বিশ্বের বহু দেশের রয়েছে এমন গল্প। আর এসব নিয়ে কাজ করছেন মার্কিন ফটোসাংবাদিক স্টিফানি সিনক্লেয়ার। আফগানিস্তান, ইয়েমেন, ইথিওপিয়া ও নেপালে তোলা বাল্যবিবাহের ছবি নিয়ে শুরু হয়েছে তাঁর একক আলোকচিত্র প্রদর্শনী। বাল্যবিবাহ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এর আগে বিশ্বের বেশ কয়েকটি দেশে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল।
গতকাল শুক্রবার বিকেলে ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজের গ্যালারিতে ‘টু ইয়াং টু ওয়েড’ নামে যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করে ঢাকাস্থ কানাডীয় হাইকমিশন ও আলিয়ঁস ফ্রঁসেজ। প্রদর্শনীর উদ্বোধন করেন কানাডীয় হাইকমিশনার এইচ ই বেনওয়া পিয়ের লাঘামে। এ সময় উপস্থিত ছিলেন সাংসদ মাহজাবীন খালেদ, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট প্রমুখ। প্রদর্শনী চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। সোম থেকে বৃহস্পতিবার বিকেল তিনটা থেকে রাত নয়টা, শুক্র ও শনিবার সকাল নয়টা থেকে দুপুর ১২টা এবং পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।