বাসভূমির বাংলা চলচ্চিত্র উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাসভূমির ১২ বছর পূর্তি উৎসব
বাসভূমির ১২ বছর পূর্তি উৎসব

সম্প্রতি অস্ট্রেলিয়ায় বাংলা চলচ্চিত্র উৎসব আয়োজনের ঘোষণা দিয়েছে সেখানকার বাসভূমি নামের একটি সংগঠন। সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য আকিদুল ইসলাম জানিয়েছেন, আগামী সেপ্টেম্বর মাসে চলচ্চিত্র উৎসবটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশের বাইরে বাংলা ছবির বাজার তৈরি করাই হবে এ উৎসবের মূল উদ্দেশ্য। 

আকিদুল ইসলাম বলেন, বহু বছর ধরেই বাংলা ছবির বাজারে সংকট চলছে। এই সংকট থেকে উত্তরণের জন্য ছবির বাজার বৃহত্তর করতে হবে। প্রবাসে বাস করা প্রায় দুই কোটি বাংলাদেশি যদি বাংলা চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হন, তাহলে এ সংকট অনেকটাই কেটে যাবে বলে চলচ্চিত্র নির্মাতাদের বিশ্বাস। তিনি আরও বলেন, বাসভূমি আয়োজিত বাংলা চলচ্চিত্র উৎসব নিয়ে এরই মধ্যে চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে সাড়া পড়ে গেছে। নতুন মেধাবী নির্মাতারা তাকিয়ে আছেন বাংলা চলচ্চিত্রের সফলতা দেখার জন্য। উৎসবটি বাংলা ছবির জন্য বড় একটি দরজা খুলে দেবে বলে সংশ্লিষ্ট সবাই আশা করছেন।
আকিদুল ইসলাম জানান, ১২ বছর আগে অস্ট্রেলিয়ায় যাত্রা শুরু করেছিল বাসভূমি। প্রবাসে গড়ে ওঠা বাংলাদেশের সংস্কৃতিকে ধারণ করে সংগঠনটি পথের অনেক বাঁক পেরিয়ে গন্তব্যের দিকে এগিয়ে চলেছে। কখনোই থেমে যায়নি। একটি অনলাইন পত্রিকার মাধ্যমে যাত্রা শুরু হলেও, সেখানেই থেমে থাকেনি বাসভূমি। শিল্প-সাহিত্যের সব ভুবনেই পা রেখেছে। মেধাবী নতুন লেখকদের বই প্রকাশে আর্থিক সহযোগিতা, কবিতা পাঠের আসর, সেমিনার, সংগীতসন্ধ্যা, নাটক, টেলিফিল্ম, ধারাবাহিক, ট্রাভেল শো নির্মাণ থেকে শুরু করে দুস্থ মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়ানো পর্যন্ত অব্যাহত আছে বাসভূমির কার্যক্রম।