চ্যানেল নাইনে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক হেলিকপ্টার। নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন তুহিন অবন্ত। এতে অভিনয় করছেন শাহাদাৎ হোসেন। কথা হলো তাঁর সঙ্গে।‘হেলিকপ্টার’ নাটকের কী খবর?আজই (শুক্রবার) শুটিং শেষ হচ্ছে। গোড়াতে আমরা কাজ করেছিলাম লাকসামে। এখন করছি পুবাইলে। খুব ভালো একটা নাটকে কাজ করেছি।আপনারা চার বন্ধু পত্রিকার হকার। শেষ পর্যন্ত আপনাদের কী হবে?একজন তার বান্ধবীকে খুঁজতে ঢাকায় চলে যায়, এক বন্ধুর কোনো খবর পাওয়া যায় না, আরেকজন পত্রিকা বিলি করার কাজ ছেড়ে দেয়। আমি শুধু থেকে যাই এই কাজে। পত্রিকার এজেন্ট হয়ে যাই। নতুন চারজন হকারকে নিয়োগ দিই।বাসায় বাসায় পত্রিকা বিলি করতে কেমন লেগেছে?আমরা কিন্তু অনেক বাসায়ই হঠাৎ করে চলে গেছি। শুটিংয়ের ব্যাপারটি তারা বুঝতে পারেনি। আবার আমাদের দেখে কেউ কেউ একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। সেসব বাসায় পত্রিকা দেওয়ার পর তাদের কাছ থেকে নানা ধরনের কথা শুনেছি। ক্যামেরাটি দূরে লুকানো ছিল। সেসব দৃশ্য নাটকে রাখা হয়েছে। ভালোই লেগেছে।দেশ টিভির ‘সাতকাহন’ ধারাবাহিকে আপনি তো মারা যান। এখন আবার আপনাকে দেখছি।নাটকটির প্রথম ৩০ পর্বে আমি অভিনয় করেছিলাম। সেই চরিত্রটি মারা গেছে। ২৫০ পর্ব থেকে আমি আরেকটি নতুন চরিত্রে অভিনয় করছি। বিশ্ববিদ্যালয়ে পড়ে, নানা কাজ করে বেড়ায়, কিন্তু পড়াশোনার খবর নেই। জি টিভির (গাজী টিভি) ‘জননী’ নাটকের কথা বলুন।এ ধরনের নাটকে এবারই প্রথম কাজ করছি। একেবারে নতুন অভিজ্ঞতা। কাজটাও উপভোগ করছি। মাকে নিয়ে গল্প। আমি বড় ছেলে। নিঃসন্তান। নানা কারণে মাকে ভুল বুঝি। এই নাটকে কিছুদিন আগে সাড়ে পাঁচ মিনিট ক্যামেরার সামনে অভিনয় করেছি। আর দৃশ্যটি আনকাট অবস্থায় রাখা হয়েছে। এমনটা সাধারণত মঞ্চনাটকে করা হয়। ক্যামেরার সামনে করতে ভালো লেগেছে।