বাস্কেটবল খেলোয়াড়ের প্রেমে তিশা!

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বাস্কেটবল’-এর নায়িকা হয়েছেন তানজিন তিশা। রেদওয়ান রনির তত্ত্বাবধানে ছবিটি পরিচালনা করছেন আতিক জামান। দর্শকদের বাছাই করা গল্প থেকে এর চিত্রনাট্য তৈরি করেছে পপকর্ন ক্রিয়েটিভ সেল। অনলাইন টেলিভিশন পপকর্ন-এর পাঁচ মিনিটের এই ছবিতে তিশার চরিত্রের নাম নিশাত। আজই ঢাকায় ছবিটির শুটিং শুরু হয়েছে।
স্বল্পদৈর্ঘ্য হলেও সিনেমায় এটাই তিশার প্রথম কাজ। রোমাঞ্চিত তিশা বলেন, ‘চলচ্চিত্রে কাজ করার খুব শখ ছিল। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দিয়ে সবটা পূরণ হলো। আশা করি একদিন পূর্ণদৈর্ঘ্য ছবিতেও কাজ করব।’ হাসতে হাসতে তিশা জানালেন, এরই মধ্যে নাকি তাঁর ভেতরে একটা চলচ্চিত্রের নায়িকার ভাব চলে এসেছে!
আতিক জামান জানান, ভালোবাসা দিবস উপলক্ষে তৈরি হচ্ছে পাঁচ মিনিটের এই স্বল্পদৈর্ঘ্য ছবিটি। একজন বাস্কেটবল খেলোয়াড়ের সঙ্গে একজন সাধারণ মেয়ের প্রেম নিয়ে ছবির গল্প।
ছবিতে বাস্কেটবল খেলোয়াড়ের চরিত্রে অভিনয় করছেন অন্তু। শিগগিরই পপকর্ন লাইভ ডট টিভিসহ (www.popcornlive.tv) ইউটিউবে দেখা যাবে ছবিটি।