বাস্তবতার ফসকে যাওয়া ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্টর্ম ইজ কামিং
স্টর্ম ইজ কামিং

সব ছবি ‘ছবি’ নয়। একটি বড় গল্প, দীর্ঘ পরিসরের ভাবনা বুকে নিয়ে যে ছবি ফ্রেমবন্দী হয়, তাকে ‘ছবি’ বললে ভুল হয় না। ছবি তুলতে আলোকচিত্রীকে তাই গল্প খুঁজতে হয়। সময় খুব কম। গল্পের দেখা পেতে এবং সেটাকে বন্দী করতে হাতে সময় থাকে মাত্র কয়েক সেকেন্ড। আলোকচিত্রী জয় কে রায় সেই মুহূর্তগুলো হাতছাড়া করেন না। ব্যাটারির চার্জ ফুরিয়ে ক্যামেরা বন্ধ হয়ে যাওয়ার আগ মুহূর্তকেও তিনি কাজে লাগান। সেসব মুহূর্তের আলোকচিত্র নিয়ে শুরু হয়েছে তাঁর প্রথম একক আলোকচিত্র প্রদর্শনী।

লাইফ, লাইট অ্যান্ড ক্যায়স
লাইফ, লাইট অ্যান্ড ক্যায়স

ব্যবসায় প্রশাসনের শিক্ষার্থী হলেও অনেকগুলো কর্মশালা, বেশ কজন আলোকচিত্রী জয়ের চোখ খুলে দিয়েছেন। তিনি জানালেন, শুরু করেছিলেন সুপ্ত আগ্রহ নিয়ে। সেটা এখন নেশায় পরিণত হয়েছে। গতকাল সন্ধ্যায় গ্যালারিতে বসেই তিনি বললেন, ‘বিভিন্ন ফটোগ্রাফির সাইটে কিছু ছবি শেয়ার করার পর বুঝেছি যে এগুলোর অন্তরালের গল্প মানুষ পছন্দ করেছে।’ নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, সাভার, ভারতের বানারস ও আরও বেশ কিছু জায়গা থেকে তিনি তুলে এনেছেন বিচ্ছিন্ন মানুষের মুখ, তাঁদের অভিব্যক্তিগুলো।

হার্ডশিপ
হার্ডশিপ

সে রকম ৩০টি ছবি নিয়েই তাঁর প্রথম একক প্রদর্শনী ‘লাইফ, লাইট অ্যান্ড কেয়স’। ক্যামেরার চোখে জীবনবাস্তবতার কিছু ফসকে যাওয়া ছবিই যেন অঁলিয়স ফ্রাঁসেজের লা গ্যালারির দেয়ালে ঝুলতে দেখছেন দর্শনার্থীরা।

লাইফ ইন আ মেট্রো
লাইফ ইন আ মেট্রো

স্যামসাং গ্যালাক্সি নোট ৫ স্মার্টফোনের পর্দায় কিছু আঁকিবুঁকিও স্থান পেয়েছে সেই প্রদর্শনীতে। সেগুলো বড় করে টি-শার্ট ও মগে মুদ্রিত হয়েছে। গ্যালারি ঘুরে দর্শনার্থীরা সেসবও নিয়ে যাচ্ছেন।

গত শুক্রবার প্রদর্শনী উদ্বোধন করেন নন্দিত অভিনেতা আলী যাকের। উপস্থিত ছিলেন আলোকচিত্রী আবীর আবদুল্লাহ, সাংবাদিক জ ই মামুন, হাতিল-এর পরিচালক মশিউর রহমান প্রমুখ।

প্রতিদিন প্রদর্শনীতে উপস্থিত থাকছেন আলোকচিত্রী জয়ের মা, বোন, স্ত্রী, পুত্র ও বন্ধুরা। আগামী ৬ জুন পর্যন্ত প্রদর্শনীটি ঘুরে আসা যাবে।