বাস্তবের লগ্নতায় রফিকুন নবী
চিরন্তন বাংলার তৃণমূল পর্যায়ের মানুষের দৈনন্দিন জীবনযাত্রার আনন্দ-বেদনার মুহূর্ত এবং নিসর্গের সৌন্দর্যকে সৃষ্টির উপজীব্য করে তুলেছেন চিত্রশিল্পী রফিকুন নবী। তাঁর ছবিতে দেশের মাটির গন্ধ, প্রান্তিক মানুষের প্রতি গভীর দরদ ও সমাজবাস্তবতার প্রতি অনুসন্ধানী দৃষ্টি একটি বিশেষ মাত্রা লাভ করেছে। এ শিল্পীর সাম্প্রতিক কাজ নিয়ে দশম একক শিল্পকর্ম প্রদর্শনী আয়োজন করেছিল ধানমন্ডির ঢাকা আর্ট সেন্টার। গতকাল মঙ্গলবার ছিল প্রদর্শনীর শেষ দিন। এদিন সন্ধ্যায় এ বরেণ্য শিল্পীর জীবন ও শিল্পকর্ম নিয়ে আলোচনাসমৃদ্ধ গ্রন্থ ইন টাচ উইথ দ্য রিয়েল (বাস্তবের লগ্নতায়)-এর মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন করেন সাহিত্যিক সৈয়দ শামসুল হক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আনিস এ খান। প্রকাশিত বই নিয়ে আলোচনা করেন প্রাবন্ধিক মফিদুল হক। সভাপতিত্ব করেন অধ্যাপক নজরুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন রামেন্দু মজুমদার। সঞ্চালনা করেন অধ্যাপক নিসার হোসেন। অনুষ্ঠানে সাভার ট্র্যাজেডিতে নিহত পোশাকশ্রমিকসহ সব নিহত ব্যক্তির স্মরণে পালন করা হয় এক মিনিটের নীরবতা। ইন টাচ উইথ দ্য রিয়েল বা বাস্তবের লগ্নতায় বইটিতে সৈয়দ আজিজুল হক ও সৌমিক নন্দী মজুমদারের দুটি প্রবন্ধ রয়েছে। রয়েছে শিল্পীর কর্মজীবন পরিচয়, বিভিন্ন সময়ে তৈরি শিল্পকর্ম এবং শিল্পীর ওপর বিভিন্ন আলোকচিত্র। রফিকুন নবীর এবারের প্রদর্শনীতে শিল্পকর্ম ছিল ২৬টি। এর মধ্যে ১৪টি অ্যাক্রিলিকের ও ১২টি জলরঙের। সৈয়দ জাহাঙ্গীরের সাম্প্রতিক ছবি নিয়ে প্রদর্শনী শিল্পী সৈয়দ জাহাঙ্গীর সাম্প্রতিক আঁকা ছবিগুলোতে প্রকৃতি ও মানুষের নানা অনুষঙ্গ খুব সহজ ছন্দে এনেছেন। যেখানে এসেছে নিসর্গ, নদী ও সাধারণ খেটে খাওয়া মানুষের সংগ্রামের আলেখ্য। এসব ছবি নিয়ে আজ থেকে শুরু হচ্ছে শিল্পীর একক প্রদর্শনী।রাজধানীর ধানমন্ডির শিল্পাঙ্গন গ্যালারিতে আজ ১ মে থেকে ৭ মে শিল্পী সৈয়দ জাহাঙ্গীরের ‘ইংক ড্রয়িং, ড্রয়িং অ্যান্ড কালার’ শীর্ষক একটি একক চিত্র প্রদর্শনী চলবে। প্রদর্শনীর উদ্বোধন হবে আজ বিকেল সাড়ে পাঁচটায়। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।মে দিবসের আলোচনা ও সাংস্কৃতিক আয়োজন আজ বুধবার মহান মে দিবস। মেহনতি মানুষের শ্রমের অধিকার আদায়ের অনন্য দিন। এক দিন আগে গতকাল মঙ্গলবার দিবসটি উদ্যাপনের আয়োজন করে বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদ। গতকাল বিকেলে সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে নৃত্য-গীত, কবিতা ও আলোচনা দিয়ে সাজানো হয় অনুষ্ঠানটি। প্রথম পর্বে ছিল সাংস্কৃতিক পরিবেশনা। দ্বিতীয় পর্বে বসে আলোচনা সভা। আলোচনা পর্বের শুরুতেই সাভারে নিহত ব্যক্তিদের স্মরণে পালন করা হয় এক মিনিটের নীরবতা। আলোচনায় অংশ নেন শ্রমিকনেতা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উপদেষ্টামণ্ডলীর সদস্য মনজুরুল আহসান খান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ ও সাধারণ সম্পাদক হাসান আরিফ। সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি গণসংগীতশিল্পী ফকির আলমগীর শ্রমিকের অধিকার, নিরাপত্তা, মজুরি ও যথাযথ মর্যাদা প্রদানের দাবি উঠে আসে বক্তাদের আলোচনায়।সমবেত কণ্ঠে পরিষদের শিল্পীদের জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান।