বাহাত্তরে পা রাখলেন রাজ্জাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাহাত্তরে পা রাখলেন দেশীয় চলচ্চিত্রের কিংবদন্তিতুল্য অভিনয়শিল্পী রাজ্জাক। এ উপলক্ষে আজ বুধবার সন্ধ্যায় গুলশানের নিজ বাসায় এক ঘরোয়া উত্সবের আয়োজন করা হয়েছে। রাজ্জাক বলেন, ‘মানুষের ভালোবাসায় আমি এত দূর পর্যন্ত এসেছি। আল্লাহর কাছে চাইব, যত দিন বেঁচে থাকি, যেন সুস্থভাবে কাজকর্ম করে যেতে পারি।’ রাজ্জাক আরও বলেন, ‘মাত্র ২২ বছর বয়সে চলচ্চিত্রে কাজ শুরু করেছিলাম। আমি দেশের সব মানুষের কাছে কৃতজ্ঞ, তাঁরা এখনো আমার ছবি দেখেন। কৃতজ্ঞ পরিবারের প্রত্যেক সদস্যের কাছে, যারা আমাকে সব সময় আগলে রাখে।’জন্মদিনের আয়োজন প্রসঙ্গে রাজ্জাক বলেন, ‘৭০ বছরে পদার্পণের সময়টি বেশ জাঁকজমকভাবেই উদযাপন করা হয়েছিল। এর বাইরে প্রতিবছরের জন্মদিন ছেলে, মেয়ে, নাতি-নাতনি ও কাছের কয়েকজন বন্ধুবান্ধব নিয়ে ঘরোয়াভাবে উদযাপন করি। ইদানীং বিভিন্ন টেলিভিশনের সরাসরি অনুষ্ঠানেও অংশ নিই।’ ১৯৪২ সালের ২৩ জানুয়ারি কলকাতার নাগতলায় জন্মগ্রহণ করেন রাজ্জাক। কলকাতার খানপুর হাইস্কুলে সপ্তম শ্রেণীতে পড়ার সময় একটি মঞ্চনাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য স্কুলের ক্রীড়াশিক্ষক রবীন্দ্রনাথ চক্রবর্তী বেছে নিয়েছিলেন তাঁকে। শিশু-কিশোরদের নিয়ে লেখা ওই ‘বিদ্রোহী’ নাটকে গ্রামীণ এক কিশোরের চরিত্র রূপায়নের মাধ্যমেই অভিনয়ের সঙ্গে যুক্ত হয়েছিলেন তিনি। ১৯৬৪ সালে ঢাকায় আসেন। রাজ্জাক প্রথম দিকে টেলিভিশনে ‘ঘরোয়া’ শিরোনামের একটি ধারাবাহিক নাটকে অভিনয় করে জনপ্রিয়তা পান। নানা প্রতিকূলতা পেরিয়ে আবদুল জব্বার খানের প্রযোজনায় কামাল আহমেদের সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্রে কাজ করার সুযোগ পান। সালাউদ্দিন প্রোডাকশনসের ‘১৩ নাম্বার ফেকু ওস্তাগর লেন’ চলচ্চিত্রে ছোট একটি চরিত্রে অভিনয় করে সবার কাছে নিজ মেধার পরিচয় দেন রাজ্জাক। পরবর্তীকালে ‘কার বউ’, ‘ডাক বাবু’, ‘আখেরী স্টেশন’সহ আরও বেশ কটি ছবিতে ছোট ছোট চরিত্রে অভিনয় করেন। জহির রায়হানের ‘বেহুলা’ ছবিতে নায়ক হিসেবে ঢাকার চলচ্চিত্রে আবির্ভাব ঘটে রাজ্জাকের। তিনি এ পর্যন্ত তিন শর বেশি বাংলা ও উর্দু চলচ্চিত্রে অভিনয় করেছেন; পরিচালনা করেছেন ১৬টি চলচ্চিত্র। বড়পর্দার পাশাপাশি রাজ্জাক এখন ছোটপর্দায়ও নিয়মিত নাটক ও টেলিছবি পরিচালনা করছেন। মাঝেমধ্যে অনুরোধে অভিনয়ও করে থাকেন। পাঁচবার শ্রেষ্ঠ অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছাড়াও ২০১১ সালে আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন রাজ্জাক।