বাহাদুরশাহ পার্কে বিজয় উৎসব

১৩ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিজয় উৎসব ছড়িয়ে পড়েছিল রাজধানীজুড়ে। প্রতিদিন নতুন নতুন মঞ্চ যোগ হয় উৎসবে। এ তালিকায় গতকাল শনিবার পুরোনো ঢাকার ঐতিহ্যবাহী বাহাদুর শাহ পার্কে শুরু হলো বিজয় উৎসব। আজ শনিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে এ আয়োজনের উদ্বোধন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।
মঞ্চের আহ্বায়ক সালমা চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ফয়জুল আলম, জোটের নির্বাহী কমিটির সদস্য আবুল ফারাহ, হানিফ খাঁন ও বাহাদুর শাহ মঞ্চের সদস্যসচিব বাবু রাম।
উদ্বোধনী আলোচনা শেষে বিভিন্ন পরিবেশনায় অংশ নেয় আওয়ামী শিল্পীগোষ্ঠী, মৈত্রী, সীমান্ত খেলাঘর আসর, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ, গেন্ডারিয়া কচি-কাঁচার মেলা, ভিন্নধারা, মহীরূহ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংঘ, স্পন্দনও রঙ্গ পীঠ। একক পরিবেশনায় অংশ নেন কানন বালা সরকার, শিবুরায়, মাহফুজা আক্তার, আবিদা রহমান, ঊর্মি হালদার, শান্তা সরকার, রুনা নাগ, প্রদীপ সরকার, আলী মুহম্মদ দেলওয়ার প্রমুখ।
কাল রোববার একই মঞ্চের সাংস্কৃতিক পরিবেশনার পর শেষ হবে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আট দিনব্যাপী বিজয় উৎসব।