বাহারি সব ক্যালিগ্রাফি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় চিত্রশালার দেয়ালে ক্যালিগ্রাফি
জাতীয় চিত্রশালার দেয়ালে ক্যালিগ্রাফি

হঠাৎ দেখলে মনে হয় রং দিয়ে আঁকিবুঁকি যেন। একটু কাছে গিয়ে খেয়াল করলে দেখা যায় তাতে লেখা ‘আগা বলে, আমি বড়ো, তুমি ছোটো লোক/ গোড়া হেসে বলে, ভাই, ভালো তাই হোক/ তুমি উচ্চে আছ ব’লে গর্বে আছ ভোর/ তোমারে করেছি উচ্চ এই গর্ব মোর।’
রবীন্দ্রনাথের কণিকা কাব্যগ্রন্থের এই কবিতাটি কখনো লেখা হয়েছে পাতার গায়ে, কখনো লেখাগুলো পেয়েছে মাছ কিংবা হাতির আকার। শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালায় আয়োজিত দ্বিতীয় ক্যালিগ্রাফি চিত্র প্রদর্শনীতে এ রকম ১৪০টি ক্যালিগ্রাফি প্রদর্শিত হচ্ছে। সেগুলো এঁকেছেন ৩৮ জন শিল্পী।
শুধু কবিগুরু নন, সুকান্ত ভট্টাচার্য, জসীমউদ্দীন, সক্রেটিস, অলিভার কুকের কবিতা ও উক্তি দিয়ে করা হয়েছে বাহারি সব ক্যালিগ্রাফি। আরও আছে আরবি ক্যালিগ্রাফি, যেখানে সৃষ্টিকর্তার নাম ও কোরআনের বিভিন্ন আয়াত ও সুরা লেখা হয়েছে।
কাগজের ওপর অ্যাক্রিলিক বা জলরঙের ক্যালিগ্রাফি শুধু নয়, ছিল কাঠের ক্যালিগ্রাফি। এমনকি ছিল তালপাতার ওপর করা ক্যালিগ্রাফিও।
প্রদর্শনীর আয়োজন যৌথভাবে করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও বাংলাদেশ ক্যালিগ্রাফি আর্টিস্টস গিল্ড। গিল্ডের চেয়ারম্যান মাহবুব মুর্শিদ বলেন, ‘বাংলাদেশে ক্যালিগ্রাফির প্রসার কম, তাই এ নিয়ে সাড়াও তেমন পাওয়া যায় না। কিন্তু আমরা এটিকে শিল্পের মূল ধারায় নিয়ে আসতে চাই। গতবারের আয়োজনের তুলনায় এবারে শিল্পী ও কাজের সংখ্যা এবং কাজের মান অনেক বৃদ্ধি পেয়েছে। চারুকলার বেশ কিছু শিক্ষার্থীও এবার ক্যালিগ্রাফি করেছেন।’
৩ জুলাই থেকে শুরু হওয়া এ প্রদর্শনী শেষ হয়েছে গতকাল।