বাহুবীর!
‘শেষ কবে অভিনয় করেছিলাম, মনে নেই। বছর পাঁচেক তো হবেই। একটি ধারাবাহিক নাটকে, ঘরকুটুম। আমিই পরিচালনা করেছিলাম। আর এক ঘণ্টার নাটকে অভিনয় করা হচ্ছে না তার চেয়েও বেশিদিন হবে। গল্পটি ছিল চোরের ওপর। নামটা ভুলে গেছি। আসলে পরিচালনা আর অভিনয় একসঙ্গে করা খুব কঠিন হয়ে যায়।’ নিজের অভিনয় প্রসঙ্গে এভাবেই বললেন সালাহউদ্দিন লাভলু। এবার তিনি নাটকে অভিনয় করছেন। নাম পাঞ্জা। গতকাল বুধবার থেকে পুবাইলে কাজ শুরু হয়েছে নাটকটির। এটি পরিচালনা করছেন ইশতিয়াক রুমেল।লাভলু জানান, নাটকে তাঁর চরিত্রটি হলো একজন বাহুবীরের। বংশপরম্পরায় তারা পাঞ্জা খেলে। এই পরিবারের কেউ পাঞ্জা খেলায় কখনো হারেনি। পাঞ্জা খেলার প্রতিযোগিতা হলেই প্রথম স্থানটি এই পরিবারের প্রতিযোগীর জন্য রেখে দেওয়া হয়। হঠাৎ বিদেশ থেকে আসা এক যুবক এই বাহুবীরের সঙ্গে পাঞ্জা লড়তে চায়। এরপরই ঘটতে থাকে নানা মজার ঘটনা।লাভলু বললেন, ‘ক্যামেরার পেছনে থাকতে থাকতে নিজের অভিনয়ের ব্যাপারে এখন আর কোনো ধারণা নেই। অনেক দিন পর ক্যামেরার সামনে দাঁড়িয়েছি। গল্পটা মজার। তবে আমি নিজে কেমন করছি, তা নিয়ে একটু দুশ্চিন্তা হচ্ছে।’জানা গেছে, নাটকটি তৈরি হচ্ছে এনটিভির জন্য।