বাড়ছে অনুদানের চলচ্চিত্রের সংখ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে অনুদানের চলচ্চিত্রের সংখ্যা। অনুদানের ছবির জন্য তথ্য মন্ত্রণালয় কর্তৃক ঘোষিত বাছাই কমিটি এরই মধ্যে মোট ছয়টি চলচ্চিত্রকে অনুদান দেওয়ার সুপারিশ করেছে। জানা গেছে, এ সপ্তাহে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুদানের ছবি চূড়ান্ত করা হবে। তার আগে অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে তথ্য মন্ত্রণালয়।তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও অনুদান বাছাই কমিটির সমন্বয়ক মো. আবু বকর সিদ্দিক জানান, এর আগে বছরে তিনটি চলচ্চিত্র নির্মাণের জন্য অনুদান দেওয়া হয়। এবার তার চেয়ে বেশিসংখ্যক ছবিকে অনুদান দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে। এখন অর্থ মন্ত্রণালয় কত টাকা দেবে, তার ওপরই ছবির সংখ্যা নির্ভর করছে। এদিকে একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, ছয়টি ছবির জন্য অনুদান চূড়ান্ত করার প্রস্তুতি নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে শিশুতোষ, মুক্তিযুদ্ধ ও আবহমান বাংলার সংস্কৃতিনির্ভর চলচ্চিত্র।জানা গেছে, জানুয়ারি মাসেই অনুদানের ছবির নাম ঘোষণা দেওয়া হবে।তথ্যসচিব কামাল নাসের চৌধুরী বলেন, ‘অনুদান দেওয়ার সব ধরনের প্রস্তুতি প্রায় চূড়ান্ত হয়েছে। এখন মূল কমিটির সদস্যরা বাছাই কমিটির সিদ্ধান্ত বিবেচনা করে অনুদান ঘোষণা করবেন। অনুদানের ছবির সংখ্যা বাড়ার সম্ভাবনা আছে। তবে ঠিক কয়টি ছবিকে অনুদান দিতে পারব, তা এ মুহূর্তে নির্দিষ্ট করে বলা কঠিন।’