বাড়ছে পেশাদার থিয়েটারে আগ্রহ
এ বছরের মার্চের ১৯ তারিখে পেশাদার থিয়েটারের মনোভাব নিয়ে গঠিত দল থিয়েটারওয়ালা রিপার্টরি তাদের প্রথম প্রযোজনা শাইলক অ্যান্ড সিকোফ্যান্ট মঞ্চে আনে। এ পর্যন্ত ১৪টি প্রদর্শনী হয়েছে নাটকটির। প্রতিটি প্রদর্শনীতেই দর্শকের অংশগ্রহণ চোখে পড়ার মতো। অর্থাৎ প্রদর্শনীতে ভালো টিকিট বিক্রি হয়েছে। দলের ঘরে একটা বড় অঙ্কের টিকিট বিক্রির টাকা এসেছে। থিয়েটারওয়ালা রিপার্টরির প্রধান হাসান শাহরিয়ার বলেন, ‘এ প্রর্যন্ত যতগুলো প্রদর্শনী হয়েছে, তা থেকে টিকিট বিক্রির অর্থ দিয়ে নাটকটির কলাকুশলী ও কর্মীদের কম করে হলেও আর্থিক সম্মানী দিতে পেরেছি। নাটকটি নামানোর পর থেকে এখন পর্যন্ত আমার কোনো লোকসান হয়নি। তবে আমি মনে করি, নাটকটি মঞ্চে আনার আগে যে বড় অঙ্কের খরচ হয়, সেই খরচটা অনেক। এর জন্য পৃষ্ঠপোষক দরকার। মঞ্চে আনার পর শিল্পীদের খরচ টিকিট বিক্রি করেই ওঠানো সম্ভব, যদি প্রযোজনা ভালো হয়।’ এ পর্যায়ে এসে পেশাদার থিয়েটার নিয়ে আপনার ধারণা কী? ‘নাটকটি মঞ্চে আনার পর থেকে দর্শকের আগ্রহ দেখে মনে হচ্ছে, ভালো প্রযোজনা মঞ্চে আনা হলে দর্শক টিকিট কেটে নাটক দেখবেই। ফলে পেশাদার মনোভাব নিয়ে অনেক নাটকই মঞ্চে আনা সম্ভব। এতে নাট্যকর্মীরা থিয়েটারে আরও বেশি আগ্রহ পাবে। তবে আমি মনে করি, বর্তমান সময়ে থিয়েটারচর্চার ক্ষেত্রে পেশাদার থিয়েটার খুবই জরুরি। সে ক্ষেত্রে ফেডারেশনের দলগুলোর মূল দলের পাশাপাশি একটি করে পেশাদার থিয়েটার দল গড়া উচিত। পেশাদার থিয়েটার চর্চার ক্ষেত্রে নাট্যকর্মীরা সর্বোচ্চ শ্রম দিতে দ্বিধা করে না। ফলে ভালো ভালো প্রযোজনা আসতে বাধ্য। সাইলক অ্যান্ড সিকোফ্যান্ট মঞ্চে আনার পর থেকে আমি পেশাদার থিয়েটার নিয়ে খুবই আশাবাদী।’ টানা বলে গেলেন হাসান শাহরিয়ার। অন্যদিকে, ১৯৯১ সালের দিকে মামুনুর রশীদের নেতৃত্বে বাঙলা থিয়েটার নামে আরেকটি পেশাদার দল গঠিত হয়। সেই সময় তারা আদিম, মানুষ, লেবেদেফসহ বেশ কটি নাটক মঞ্চে আনে। সেই সময় তারা সফলও হয়। মাঝখানে বাঙলা থিয়েটারের নাটকগুলো মঞ্চায়ন বন্ধ হয়ে যায়। মামুনুর রশীদ বলেন, ‘আমরা সে সময় খুব ভালোভাবে পেশাদার থিয়েটার শুরু করেছিলাম এবং সফলও হয়েছিলাম। কিন্তু সে সময় কিছু লোকের বিরোধিতার কারণে এগোনো সম্ভব হয়নি। তখন যদি সবাই মিলে কাজ করতাম, তাহলে আজ পেশাদার থিয়েটার একটা ভালো জায়গায় চলে যেত। অনেকেই দল গড়ত।’এদিকে দীর্ঘ বিরতি দিয়ে ২০০৪ সালে বাঙলা থিয়েটারের ব্যানারে চে’র সাইকেল নাটকটি দিয়ে আবার নিয়মিত শুরু হয়েছে পেশাদার থিয়েটারের কাজ। নাটকটি শুরু থেকেই ঢাকার মঞ্চে আলোচনায় আসে। দেশের বাইরেও ভারত, অস্ট্রেলিয়া, হংকংসহ একাধিক জায়গায় নাটকটির প্রদর্শনী হয়েছে। ইতিমধ্যে নাটকটির প্রদর্শনীর সংখ্যা ৫০ ছাড়িয়ে গেছে। বর্তমান সময়ে এতগুলো প্রদর্শনীকে ইতিবাচক হিসেবে দেখছেন মামুনুর রশীদ। তিনি বলেন, ‘আমরা প্রথম থেকেই পেশাদার থিয়েটার নিয়ে আশাবাদী ছিলাম। এখনো। কেননা চে’র সাইকেল নাটকটির প্রথম থেকেই দর্শকের অংশগ্রহণ ভালো। ফলে আমরা সহজেই নাটকটির কলাকুশলীদের আর্থিক সম্মানী দিতে পারছি। এবং আমার জানামতে, ঢাকার মঞ্চে যে কয়টি দলই পেশাদার কাজ করেছে বা করছে, তারা কিন্তু দর্শকের টিকিট বিক্রির টাকা দিয়ে প্রদর্শনী খরচ চালিয়ে নিয়ে শিল্পীদের কিছুটা হলেও আর্থিক সম্মানী দিতে পারছে।’ তিনি বলেন, ‘এখন মূল দলের কাজের পাশাপাশি পেশাদার থিয়েটার নিয়ে কাজের সুযোগ এসেছে বলে আমার মনে হচ্ছে।’ তিনি বিষয়টি নিয়ে আরও বলেন, পেশাদার থিয়েটারচর্চায় ভালো প্রযোজনা মঞ্চে আসে। কাজের প্রতি একটা আলাদা দরদ থাকে কর্মীদের। আবার কর্মীদের আর্থিক সংকট কিছুটা হলেও দূর হয়। তবে তিনি হাসান শাহরিয়ারের মতের সঙ্গে একমত, নাটক মঞ্চে আনার আগে যে খরচ বহন করতে হয়, তার জন্য অবশ্যই সরকারি বা বেসরকারি পৃষ্ঠপোষকতা দরকার।বেশ অনেক দিন ধরেই সেন্টার ফর এশিয়ান থিয়েটার পেশাদার থিয়েটারচর্চা করছে। তবে তাদের পেছনে পৃষ্ঠপোষক হিসেবে নরওয়ে বড় ভূমিকা রাখছে। ফলে পেশাদার থিয়েটারচর্চায় তাদের বাড়তি সুবিধাও রয়েছে।আবার দশরূপক নামের আরেকটি পেশাদার থিয়েটার দল যাত্রা করেছে এ বছরই। রবীন্দ্রনাথের বিসর্জন নাটকটি তারা মঞ্চে এনেছে। এর মধ্যে দুটি প্রদর্শনী হয়েছে। পেশাদার থিয়েটারচর্চা নিয়ে দলের প্রধান শাকিল বলেন, ‘বর্তমান সময়ে আমাদের মতো তরুণ যারা থিয়েটারচর্চার সঙ্গে যুক্ত, সবাই মিলে আমাদের যোগাযোগের জায়গাটা আরও উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারলে আমরা পেশাদার থিয়েটারকে আরও শক্তভাবে করত পারব। আমি বিষয়টি নিয়ে আশাবাদী।’ বর্তমান সময়ে পেশাদার থিয়েটার নিয়ে আশাবাদের কথা বলেছেন নাট্যজন রামেন্দু মজুমদার। তিনি বলেন, বর্তমান সময়ে যাঁরা পেশাদার থিয়েটার নিয়ে কাজ করছেন, তাঁদের নাটকে দর্শকের আগ্রহ দেখা যাচ্ছে। এটা থিয়েটারচর্চার জন্য ইতিবাচক দিক। এভাবে চালিয়ে নিতে পারলে আরও অনেকেই পেশাদার দল গড়তে আগ্রহ পাবেন এবং বিভিন্ন দলের নাট্যকর্মীরা এক জায়গায় এসে কাজেরও সুযোগ পাবেন। তবে তিনি মনে করেন, পেশাদার থিয়েটারের ক্ষেত্রে শুধু টিকিট বিক্রির টাকার ওপরই নির্ভরশীল হওয়া যাবে না। সে ক্ষেত্রে পেশাদার থিয়েটারকে এগিয়ে নিতে পৃষ্ঠপোষকতাও দরকার।