বাড়ি খুঁজছেন মাধুরী
মুম্বাইয়ে নতুন বাড়ি খুঁজছেন বলিউডের অভিনেত্রী মাধুরী দীক্ষিত। স্বামী-সন্তান নিয়ে বসবাসের জন্য একটু বড় আয়তনের বাড়িই তাঁর পছন্দ। বেশ কিছুদিন ধরে মুম্বাইয়ের বিভিন্ন এলাকায় বাড়ি খুঁজলেও এখন পর্যন্ত মনের মতো বাড়ির সন্ধান পাননি তিনি।এ প্রসঙ্গে মাধুরী বলেন, ‘যুক্তরাষ্ট্র থেকে গত বছর মুম্বাই ফেরার পর থেকে নতুন বাড়িতে ওঠার পরিকল্পনা করছি। গত কয়েক দিনে বেশ কয়েকটি বাড়ি দেখেছি, কিন্তু কিছুই চূড়ান্ত করতে পারিনি। আসলে মনের মতো বাড়ি খুঁজে পাওয়া তো আর চাট্টিখানি কথা নয়! এ জন্য অনেক সময় প্রয়োজন।’ মাধুরীর উদ্ধৃতি দিয়ে এমনটিই জানিয়েছে মিডডে।মাধুরী আরও বলেন, ‘আমার দুই ছেলে রায়ান আর অরিন বড় হচ্ছে। এ জন্য একটু বড় আয়তনের বাড়ি আমাদের দরকার। সবে তো বাড়ি খোঁজা শুরু করলাম। দেখা যাক, শেষ পর্যন্ত নতুন ঠিকানা কী হয়!’এদিকে ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, কিছুদিন আগে ভারসোভায় একটি অ্যাপার্টমেন্ট দেখেছিলেন মাধুরী। কিন্তু এর কয়েক দিন পরই সেটি কিনে ফেলেন আনুশকা শর্মা। সম্প্রতি আবারও ওই অ্যাপার্টমেন্টে দেখা গেছে মাধুরীকে। বলিউডের অনেক তারকাই বসবাস করেন অ্যাপার্টমেন্টটির বিভিন্ন তলায়।