
গ্রামের বাড়ি গেলেই পছন্দের খাবার রান্না করেন মা। নানা ধরনের খাবারের তালিকার মধ্যে মৌসুমী হামিদের প্রিয় বেগুন দিয়ে মাছের তরকারি। মায়ের হাতের এই বিশেষ পদ নিয়ে কথা বলেছেন এ তারকা।
বাড়ি গেলেই মৌসুমী হামিদ একটা বিশেষ তরকারির ওপর হামলে পড়েন। ‘বিশেষ’ হয়ে ওঠার পেছনের কারণ সেটি মায়ের হাতের রান্না। বেগুন, আলু, বড় মাছ আর ভেজে নেওয়া কুমড়ো বড়ি দিয়ে তৈরি হয় এই বিশেষ তরকারি। এটাই মৌসুমী হামিদের কাছে ‘অস্থির’ স্বাদের। বললেন, ‘আমার মা যা রান্না করেন, তা-ই খুব সুস্বাদু হয়।’ বেগুনের তরকারির গল্প জুড়ে দিয়ে বললেন, ‘শুধু আমিই না, আমার এক আঙ্কেল আছেন, আমি বাড়ি গেলেই বলেন, ‘‘তোর মাকে বেগুন রান্না করতে বল, আমি আসছি।’’’
মৌসুমী হামিদের গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার তালা থানার ঝিল নলতা গ্রামে। ঈদের ছুটি কাটাতে প্রতিবছরই সেখানে যান। এবারও যাবেন। আর বাড়ি যাওয়া মানেই মায়ের হাতের পছন্দের সব খাবার সাবাড় করার আয়োজন।
বললেন, ‘আমি সবজি খেতে খুব পছন্দ করি। মা এটা ভালো বোঝেন। মাংসের মধ্যে হাঁসের মাংস খুব পছন্দ। তাই বাড়ি গেলেই আব্বু হাঁস কিনে আনেন আর আম্মু সেটা নারকেলের দুধ দিয়ে রান্না করেন।’
অনুলিখিত