বাড়ি ফিরলেন বিপুল রায়হান

নাট্য নির্মাতা বিপুল রায়হানের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। ১৭ মার্চ হাসপাতাল থেকে তাঁকে বাড়ি ফিরিয়ে আনা হয়েছে। ওই দিন সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করেন বিপুল রায়হানের পরিবারের সদস্যরা। প্রধানমন্ত্রী সে সময় তাঁদের হাতে তুলে দেন ১০ লাখ টাকার একটি চেক।
শহীদ বুদ্ধিজীবী জহির রায়হানের ছেলে বিপুল রায়হান গুরুতর অসুস্থ হয়ে ৭ মার্চ ভর্তি হন হাসপাতালে। দুবার কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার পর হাসপাতালে ভর্তি হলে তাঁর হৃৎপিণ্ডের ধমনির বাধা অপসারণের জন্য রিং স্থাপন করা হয়। এর পরও ধমনিতে বাধা রয়ে গেছে। ২৩ মার্চ আবারও তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হবে।
বিপুল রায়হানের অসুস্থতার খবর জানার পর মুক্তিযুদ্ধে শহীদদের সন্তানদের সংগঠন প্রজন্ম ’৭১ প্রধানমন্ত্রীর সহায়তা চেয়ে একটি বিবৃতি দেয়। সেই বিবৃতি ও গণমাধ্যমে প্রকাশিত সংবাদের মাধ্যমেই বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। বিপুল রায়হানের স্ত্রী রুবি রায়হান বলেন, ‘প্রধানমন্ত্রী প্রচণ্ড আন্তরিক। আমাদের সঙ্গে ৪৫ মিনিট আলাপ করেছেন। ভবিষ্যতেও বিপুলের চিকিৎসায় সহায়তার প্রয়োজন হলে তিনি পাশে থাকার আশ্বাস দিয়েছেন।’