বাড়ি ফিরেছেন সুচিত্রা সেন
এখনো তিনি পুরোপুরি সুস্থ হননি। কৃত্রিম উপায়ে দেওয়া হচ্ছে অক্সিজেন। তবু আর একমুহূর্ত নার্সিং হোমে থাকতে চাইছিলেন না। বেলভিউ নার্সিং হোমের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রদীপ ট্যান্ডন জানিয়েছেন, শুক্রবার রাতে নিজের ইচ্ছায় বালিগঞ্জ সার্কুলার রোডের বাড়িতে ফিরে গেছেন সুচিত্রা সেন।গতকাল শনিবার চিকিৎসক সুব্রত মৈত্র বলেছেন, ‘সুচিত্রা সেন এখন আগের চেয়ে অনেক ভালো আছেন। আপাতত বিপদ কেটে গেলেও তিনি পুরোপুরি সুস্থ নন। বাড়িতে তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে।’হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার পর হঠাৎ নিজের ব্যক্তিগত চিকিৎসক এবং মেডিকেল বোর্ডের প্রধান সুব্রত মৈত্রকে খবর দেন সুচিত্রা সেন। ওই রাতেই তিনি বাড়ি ফেরার ইচ্ছা প্রকাশ করেন। অগত্যা চিকিৎসক তাঁকে বাড়িতে যাওয়ার অনুমতি দিতে বাধ্য হন। সুচিত্রা সেনের বাড়ি ফেরার ব্যাপারেও গোপনীয়তা রক্ষা করা হয়। অ্যাম্বুলেন্সে নয়, রাত সাড়ে নয়টার দিকে একজন চিকিৎসকের ব্যক্তিগত কালো রঙের গাড়িতে তিনি ফিরে যান বাড়িতে। এর আগে খবর পেয়ে তাঁকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যেতে আসেন মেয়ে মুনমুন সেন।মায়ের নিয়মিত দেখাশোনা করার জন্য একজন সেবিকা নিয়োগ দিয়েছেন মুনমুন সেন।এদিকে চিকিৎসকের নির্দেশে সুচিত্রা সেনের বাড়িতেই তৈরি করা হয়েছে একটি মিনি আইটিইউ (ইনটেনসিভ থেরাপি ইউনিট)। বাড়িতে থেকেই যেন চিকিৎসা নিতে পারেন, এ কারণেই এই ব্যবস্থা।হাসপাতাল থেকে আরও জানানো হয়েছে, বাড়িতে এসে প্রতিদিন সুচিত্রা সেনকে মেডিকেল বোর্ডের সাতজন চিকিৎসক নিয়মিত পরীক্ষা করবেন। তাঁদের পরামর্শ অনুযায়ী চলবে চিকিৎসা।২০ জুন ফুসফুসে সংক্রমণ হওয়ায় ভারতের কলকাতার বালিগঞ্জ সার্কুলার রোডের বাড়িতে অসুস্থ হয়ে পড়েন সুচিত্রা সেন। অত্যন্ত গোপনীয়তা রক্ষা করে তাঁকে নিয়ে আসা হয় বেলভিউ নার্সিং হোমে। ভর্তি করা হয় আইটিইউতে। গোপনীয়তা রক্ষা করা হলেও সংবাদমাধ্যমের কর্মীরা সুচিত্রা সেনের অসুস্থতার খবর জানতে পারেন ৩০ জুন।