বাড়ি বিক্রি করে বিপাকে বিবার

মার্কিন টিভি ব্যক্তিত্ব কিম কার্দাসিয়ানের বোন খোল কার্দাসিয়ানের কাছে নিজের বাড়ি বিক্রি করে ৭.২ মিলিয়ন ডলার পকেটে ভরেছেন কানাডীয় পপগায়ক জাস্টিন বিবার। কিন্তু বিক্রি করা বাড়িটির জন্য সম্প্রতি বিবারের কাছে ৮৫ হাজার ডলার দাবি করে বসেছে একটি আবাসন প্রতিষ্ঠান।
আবাসন প্রতিষ্ঠানটির দাবি, বিবার বাড়িটিতে থাকার সময় এর অনেক কিছুই নষ্ট করে ফেলেছেন। এ জন্য মেরামত বাবদ তাঁর কাছে ৮৫ হাজার ডলার পাওনা রয়েছে প্রতিষ্ঠানটির। কিন্তু তা পরিশোধ না করেই বাড়িটি বিক্রি করে দিয়েছেন তিনি। এ অবস্থায় খোল কার্দাসিয়ানের কাছে বাড়িটির মালিকানা হস্তান্তরে বাধা দিচ্ছে প্রতিষ্ঠানটি। পাওনা টাকা পরিশোধের জন্য বিবারকে এক সপ্তাহের সময় বেঁধে দেওয়া হয়েছে। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে টিএমজি।
এদিকে বিবারের কাছের একটি সূত্র জানিয়েছে, লস অ্যাঞ্জেলেসের সব সম্পদ বিক্রি করে দিয়ে আটলান্টায় বসত গেড়েছেন বিবার। সেখানে তিনি একটি ভাড়া বাড়িতে উঠেছেন। যত দ্রুত সম্ভব আবাসন প্রতিষ্ঠানটির সঙ্গে সমঝোতা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিবার।
প্রসঙ্গত, গান থেকে অবসর নেওয়ার ঘোষণা দেওয়ার পর লস অ্যাঞ্জেলেসের সব সম্পদ বিক্রি করে দিয়ে আটলান্টায় পাড়ি জমিয়েছেন বিবার। কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের ক্যালাবাসাস এলাকায় অবস্থিত নিজের বাড়ি বিক্রি করে দেন তিনি। এ ছাড়া ২০১২ সালে ২.৩৫ মিলিয়ন ডলার ব্যয় করে লস অ্যাঞ্জেলেসে ১.৭ একর জায়গা কিনেছিলেন। সম্প্রতি তাও বিক্রি করে দেন ১৯ বছর বয়সী এ ‘বেবি’ তারকা। এর ফলে লস অ্যাঞ্জেলেসে বিবারের নামে এখন আর কোনো সম্পত্তি নেই।
২০০৯ সালে ‘মাই ওয়ার্ল্ড’ অ্যালবাম মুক্তির পর রাতারাতি তারকাখ্যাতি পেয়ে যান জাস্টিন বিবার। তখন তাঁর বয়স ছিল মাত্র ১৫ বছর। এরপর শুধুই সামনের দিকে পথ হেঁটেছেন এই ‘বেবি’ তারকা। স্পর্শ করেছেন জনপ্রিয়তার শীর্ষবিন্দু। ‘টিন সেনসেশন’ তকমাও বসেছে তাঁর নামের পাশে। ‘মাই ওয়ার্ল্ড’-এর পর ২০১০ সালে মুক্তি পায় বিবারের দ্বিতীয় অ্যালবাম ‘মাই ওয়ার্ল্ড ২.০’। পরের দুটি বছরে প্রকাশিত হয় বিবারের তৃতীয় ও চতুর্থ অ্যালবাম ‘আন্ডার দ্য মিজলটো’ (২০১১) এবং ‘বিলিভ’ (২০১২)।
২০১৩ সালটা যেন দুর্ভাগ্যের বারতা নিয়ে হাজির হয়েছিল বিবারের জীবনে। একের পর এক উল্টাপাল্টা কীর্তি ঘটিয়ে গত বছর বহুবার নেতিবাচক খবরের শিরোনাম হয়েছেন তিনি। এর মধ্য দিয়ে রীতিমতো বিতর্কিত তারকায় পরিণত হন তিন। শুধু তাই নয়, দীর্ঘদিনের প্রেমিকা সেলেনা গোমেজকেও হারাতে হয় তাঁকে।
গত বছরের ডিসেম্বর মাসে গান থেকে অবসর নেওয়ার ঘোষণা দেন বিবার। এ প্রসঙ্গে ভক্তদের ‘বিলিবারস’ সম্বোধন করে এক টুইটার বার্তায় বিবার লেখেন, ‘প্রিয় বিলিবারস, গান থেকে অবসর নেওয়ার ঘোষণা দিচ্ছি আমি।’
বিবার অবসরের ঘোষণা দেওয়ার পরপরই অনলাইনে রীতিমতো তোলপাড় পড়ে যায়। তাঁর অনেক ভক্তই বিস্ময়ে হতবাক হয়ে যান। এ অবস্থায় আরেকটি টুইটার বার্তায় বিবার লেখেন, ‘মিডিয়া আমাকে নিয়ে অনেক গল্পই রটায়। বানোয়াট সব খবর রটিয়ে আমার ব্যর্থতা দেখতে চায়। কিন্তু আমি কখনোই হারব না।’
ভক্তদের উদ্দেশে বিবার আরও লেখেন, ‘আমি কখনোই আপনাদের ছেড়ে যাব না। আপনারা একে অন্যকে ভালোবাসুন এবং ক্ষমার দৃষ্টিতে দেখুন। আমি চিরকাল আপনাদের পাশেই আছি।’
টুইটারে ঘোষণা দেওয়ার আগে একটি রেডিও চ্যানেলে দেওয়া সাক্ষাত্কারেও অবসর নেওয়ার কথা জানিয়েছিলেন বিবার। তিনি বলেছিলেন, ‘সত্যিই আমি গান থেকে অবসর নিচ্ছি। আমি প্রকৃত শিল্পী হিসেবে নিজেকে গড়ে তুলতে চাই। আমার গানকে অনেক বেশি পরিপক্ব করতে চাই। এ জন্য সব ধরনের উদ্যোগই আমি নেব। মূলত এ কারণেই গানের জগত্ থেকে দীর্ঘদিন দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছি।’