বাড়ি সাজানোয় ব্যস্ত সানি লিওন
মুম্বাইয়ের আন্ধেরিতে স্বামী ড্যানিয়েল ওয়েবারকে সঙ্গে নিয়ে নতুন বাড়ি সাজানোর কাজে ব্যস্ত সময় পার করছেন পাঞ্জাবি বংশোদ্ভূত কানাডীয় মডেল ও অভিনেত্রী সানি লিওন। গত আগস্টে মুক্তি পাওয়া ‘জিসম ২’ ছবির সাফল্যের পর বলিউডে থিতু হওয়ার পরিকল্পনা করেন সানি। হন্যে হয়ে বাড়ি খুঁজতে থাকেন মুম্বাইয়ে। কিন্তু কেউই বাড়ি ভাড়া দিতে রাজি হননি সাবেক এ পর্নো তারকাকে। এ জন্য তাঁকে বেশ কিছুদিন স্বামীকে নিয়ে হোটেলে থাকতে হয়। অবশেষে সানি গত মাসে আন্ধেরিতে বিলাসবহুল একটি অ্যাপার্টমেন্ট কেনেন। সানির কাছের একটি সূত্রের বরাতে মিড-ডে জানিয়েছে, তিন বেডরুমের অ্যাপার্টমেন্টটির সঙ্গে রয়েছে দেড় হাজার বর্গফুট আয়তনের বিশাল এক টেরেস। সেখানে দাঁড়িয়ে সমুদ্র দেখা যায়। এরই মধ্যে নতুন বাড়িতে থাকা শুরু করেছেন সানি ও তাঁর স্বামী। সম্প্রতি তাঁরা ডাইনিং টেবিল, সোফা সেট, কার্পেট এবং বেশ কয়েকটি চিত্রকর্ম কিনেছেন। ইনটেরিয়র ডিজাইনারের সাহায্য ছাড়াই নিজের মনমতো অন্দরসজ্জার কাজে ব্যস্ত সময় পার করছেন সানি। ঘর সাজানোর ক্ষেত্রে সাদা, কালো ও ধূসর রং প্রাধান্য পাচ্ছে। মুম্বাইয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করতে পেরে দারুণ উচ্ছ্বসিত সানি লিওন। তাঁর ভাষ্য, ‘মুম্বাইয়ের স্থায়ী বাসিন্দা হয়ে গেলাম। খুব ভালো লাগছে। অনেক খুঁজে পছন্দসই কয়েকটি চিত্রকর্ম কিনেছি। চেষ্টা করছি নিজের মনের মতো করে ঘর সাজাতে। এ ক্ষেত্রে বন্ধুদের কাছ থেকেও পরামর্শ নিচ্ছি।’ শুধু বাড়িই নয়, নতুন একটি বিলাসবহুল গাড়িও কিনেছেন সানি। তিনি জানান, ‘বড়দিন উদযাপনের জন্য যুক্তরাষ্ট্র যাচ্ছি। আমার বাবা-মা বেঁচে নেই। তবে একমাত্র ভাই আছে সেখানে। তার সঙ্গে বড়দিন উদযাপন করব। যুক্তরাষ্ট্র থেকে ফিরে পরবর্তী ছবির জন্য কোমর বেঁধে প্রস্তুতি নেব। ওই ছবির জন্য কয়েকটি কর্মশালার ব্যবস্থা করা হয়েছে। আশা করছি, নতুন কেনা মার্সিডিজ গাড়িতে চেপে সেসব কর্মশালায় যোগ দিতে পারব।’