বাড়িতে ফিরলেন রাজেশ খান্না
শারীরিকভাবে প্রচণ্ড দুর্বল হয়ে পড়লে ২৩ জুন মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছিল বলিউডের বর্ষীয়ান অভিনেতা রাজেশ খান্নাকে। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় গতকাল রোববার সকালে হাসপাতাল ত্যাগ করার অনুমতি পান তিনি। এখন নিজ বাড়িতে অবস্থান করছেন ৬৯ বছর বয়সী এ তারকা।বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন রাজেশের স্ত্রী ডিম্পল কাপাডিয়া। এ প্রসঙ্গে তাঁর উদ্ধৃতি দিয়ে পিটিআই জানিয়েছে, ‘রোববার সকালে রাজেশ খান্নাকে নিয়ে বাসায় ফিরেছি আমরা। এখন তিনি পুরোপুরি সুস্থ আছেন।’ লীলাবতী হাসপাতালের একটি সূত্রও বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে। সূত্রটি জানিয়েছে, ‘রাজেশ খান্নার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় রোববার সকালে হাসপাতাল ত্যাগের অনুমতি দেওয়া হয়েছে।’গত এপ্রিলেও একই সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন রাজেশ খান্না। তখন তিন-চার দিন হাসপাতালে ছিলেন তিনি।উল্লেখ্য, ১৯৪২ সালের ২৯ ডিসেম্বর ভারতের অমৃতসরে জন্মগ্রহণ করেন ভারতের প্রখ্যাত এই অভিনেতা। তাঁর নাম শুরুতে ছিল যতীন খান্না। পরবর্তী সময়ে নাম পালটে হয়ে যান রাজেশ খান্না। ১৯৬৬ সালে ‘আখরি খত (দ্য লাস্ট লেটার)’ ছবির মাধ্যমে অভিনয় জীবন শুরু করেছিলেন রাজেশ খান্না। তাঁকে হিন্দি চলচ্চিত্রের প্রথম সুপারস্টার হিসেবে বিবেচনা করা হয়। দীর্ঘ অভিনয় জীবনে ‘রাজ’, ‘দো রাস্তে’, ‘আরাধনা’সহ মোট ১৬৩টি ছবিতে অভিনয় করেছেন রাজেশ খান্না। সেগুলোর মধ্যে ১০৬টি ছবিতেই কেন্দ্রীয় চরিত্রে দেখা গেছে তাঁকে। ১৯৬৯ থেকে ১৯৭২ সাল পর্যন্ত পরপর ১৫টি হিট ছবি উপহার দিয়ে তিনি সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন।কাজের স্বীকৃতি হিসেবে দাদা সাহেব ফালকে, প্রাইড অব দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি, কলা রত্ন, অপ্সরা, জি সিনে, আইফা, ফিল্মফেয়ারসহ অসংখ্য পুরস্কার জিতেছেন গুণী এই অভিনেতা। সম্প্রতি আর বাল্কির নির্দেশনায় হ্যাভেল’স ফ্যানের বিজ্ঞাপনচিত্রে দেখা গেছে রাজেশ খান্নাকে।