শিল্পকলা একাডেমির মূল প্রবেশপথ দিয়ে ঢুকতেই আলো-আঁধারির স্থাপনা শিল্পকর্ম, যেখানে তুলে ধরা হয়েছে রায়েরবাজার বধ্যভূমি। ছোট ছোট ফ্রেমে রয়েছে শহীদ বুদ্ধিজীবীদের আলোকচিত্র। এসব দেখে মিলনায়তনে প্রবেশকালেও মন ভালো করার মতো দৃশ্য, হলুদ গাঁদা ফুলের মাঝে জ্বলছিল প্রদীপ। আর মঞ্চে তখন গীতি-আলেখ্য পরিবেশনের মধ্য দিয়ে বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের বিজয়ের সময়কাল তুলে ধরল খেলাঘরের শিশু-কিশোরেরা।
মুক্তিযুদ্ধের চেতনাবহ এমন আয়োজনের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে শুরু হয়েছে কেন্দ্রীয় খেলাঘর আসর আয়োজিত তিন দিনের জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
অনুষ্ঠানের শুরুতেই ছিল খেলাঘরের শিল্পীদের গীতিনৃত্যালেখ্য পরিবেশনা। ‘একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়’ গানটির তালে তালে নৃত্য পরিবেশন করে তারা। এরপরই শোনা যায় ‘কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি’ কবিতার দৃপ্ত আবৃত্তি। সবশেষে লাল-সবুজের পতাকা উড়িয়ে কান্না-হাসিতে বিজয়ের দিনটি স্মরণ করিয়ে দেয়।
গীতিনৃত্যনাট্যের পর মঞ্চে আসেন অতিথিরা। মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন মামুনুর রশীদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ও রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। মঞ্চে উপস্থিত ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান পান্না কায়সার, সভাপতিমণ্ডলীর সদস্য নিরঞ্জন অধিকারী, পলি খালেদ ও প্রবীর সাহা। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল ফারাহ। আলোচনা পর্বের আগে অতিথিদের লাল স্কার্ফ পরিয়ে বরণ করে নেয় খেলাঘরের শিশুশিল্পীরা।