বিউটি, বুলেট আর সাপলুডুর মিম
>‘বিউটি’ কিংবা ‘বুলেট’–এ, অথবা ‘সাপলুডু’র ‘সাপ’ কিংবা ‘মই’–এর গোলকধাঁধায় বাঁধা পড়ে আছেন বিদ্যা সিনহা মিম। নিজের সাম্প্রতিক দুটো কাজের প্রচারণা নিয়ে রাতদিন ছুটে বেড়াচ্ছেন শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত। ছোটাছুটির এক ফাঁকে প্রথম আলোর কার্যালয়েও এসেছিলেন। একটু থেমে দম নিয়ে বললেন নতুন ওয়েব সিরিজ আর সিনেমার কথা। লিখেছেন শফিক আল মামুন

আগামীকাল শুক্রবার দেশজুড়ে মুক্তি পাচ্ছে নতুন সিনেমা ‘সাপলুডু’। তাই এখন ছবির প্রচার–প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ছবির নায়িকা বিদ্যা সিনহা মিম। পরিচালক গোলাম সোহরাব দোদুল, ছবির নায়ক আরিফিন শুভসহ দলবেঁধে নেমেছেন প্রচারে।
থ্রিলারে প্রথমবার
রোববার দুপুরে একটি চ্যানেলে ‘সাপলুডু’ নিয়ে সাক্ষাত্কার দিয়ে এসেছিলেন প্রথম আলোর কার্যালয়ে। এসেও স্বস্তিতে ছিলেন না। ছবি তোলার জন্য স্টুডিওতে ঢুকেই বললেন, ‘হাতে সময় কম, ব্যস্ততা বেশি। এরপর আবার যেতে হবে আরেক জায়গায়।’ ‘সাপলুডু’ নিয়ে মিম তাঁর প্রত্যাশার ব্যাপারে প্রথম আলোকে বলেন, ‘থ্রিলার খুব কম হয় আমাদের এখানে। আমার জন্য এবারই প্রথম থ্রিলারে কাজ করা। ভালো কিছু একটা হবে এটা “সাপলুডু”তে শুটিংয়ের সময়ই টের পেয়েছি।’
কথায় কথায় ছবিটির শুটিংয়ের একটি মজার অভিজ্ঞতার কথা বললেন মিম, ‘ঘটনাটা টেকনাফে ঘটেছিল। সুমদ্রের ধারে চোখ বন্ধ করে শট দেওয়ার একটি দৃশ্য। শট দেওয়া শেষে আমাকে চোখ খুলতে বলা হয়নি। আমি দাঁড়িয়ে আছি তো আছিই। মাথা ঘুরছিল। একটা পর্যায়ে আমি বললাম, চোখ খুলব? কারও কোনো সাড়া–শব্দ নেই। কয়েকবার বলার পর সাড়া না পেয়ে চোখ খুলে দেখি, সামনে ইউনিটের কেউ নেই। আমাকে বোকা বানানোর জন্য সবাই দূরে আড়ালে গিয়ে হাসছিল।’

ওয়েব সিরিজ আরও চাই
একদিকে ‘সাপলুডু’ ছবির মুক্তি নিয়ে উত্তেজনায় মিম। অন্যদিকে চলতি সপ্তাহেই মিম অভিনীত বিশাল বাজেটের তারকাবহুল ওয়েব সিরিজ ‘বিউটি অ্যান্ড দ্য বুলেট’ও শুরু হয়েছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম বায়োস্কোপে। ওয়েব সিরিজটি নিয়ে দর্শক প্রতিক্রিয়া কেমন, জানতে চাইলে মিম বলেন, ‘আমাদের দেশে স্ট্রিমিং প্ল্যাটফর্মের দর্শক এখনো খুব একটা বেশি নয়। মাত্র তো মুক্তি পেল, দর্শক প্রতিক্রিয়া আসতে আরও সময় লাগবে। তবে ওয়েব সিরিজটির বিশেষ প্রদর্শনীতে এর অংশবিশেষ দেখে দর্শক বেশ প্রশংসা করেছে।’
এখন সিনেমা হচ্ছে কম, মিমের হাতে সিনেমার কাজও তাই কম। এ জন্যই নতুন মাধ্যমের দিকে আগ্রহ বাড়ছে তাঁর। বড় বড় বাজেটের ওয়েব সিরিজের একটা নতুন ধারা তৈরি হয়েছে। সেই ধারায় মিমও শামিল হতে চান। আপাতত শুরুটা হলো অনিমেষ আইচের ‘বিউটি অ্যান্ড দ্য বুলেট’ দিয়ে। ভবিষ্যৎ নিয়ে মিম বললেন, ‘এখন ভালো মানের ওয়েব কনটেন্ট দর্শক দেখছেন। আমিও চাই এ ধরনের ভালো কাজ করতে। সিনেমার পাশাপাশি ওয়েবেও কাজ করার বড় ক্ষেত্র তৈরি হওয়ায় অভিনয়শিল্পী হিসেবে বেশ ভালোই হয়েছে।’

আছে শুধু পরান
রায়হান রাফির নতুন ছবি ‘পরান’–এ অভিনয় করছেন মিম। ছবিতে তাঁর বিপরীতে আছেন শরিফুল রাজ ও ইয়াশ রোহান। একটানা ২০ দিন শুটিং করে ১৮ সেপ্টেম্বর ময়মনসিংহ থেকে ঢাকা ফিরেছেন মিম। টানা শুটিংয়ের ধকল কাটিয়ে উঠতে না–উঠতেই ‘সাপলুডু’র প্রচারে নেমেছেন। মিম বলেন, অনেক ক্লান্ত। কিন্তু ছবির জন্য দৌড়াতে হচ্ছে। শিল্পী হিসেবে প্রচারণার সঙ্গে থাকাটাও এখন খুব জরুরি।
এই মুহূর্তে ‘পরান’ ছাড়া মিমের হাতে নতুন কোনো ছবি নেই। কোনো ছবির প্রস্তুতিও নিচ্ছেন না আপাতত। তাহলে এখন কী নিয়ে ভাবছেন মিম? ‘বড় বড় বিজ্ঞাপনচিত্রে কাজ করছি। নতুন ছবির প্রস্তাব তো প্রতি মাসেই আসে। কিন্তু করি না। ভালো গল্প, পরিচালক আর বড় বাজেট ছাড়া কাজ করব না। দুটি কাজের কথাবার্তা চলছে। চুক্তি সই হলেই জানাব।’
সাপলুডু দেখার ৩টি কারণ
আমরা আবার ফিরে আসি সাপলুডুতে। মিমের কাছে শেষ প্রশ্ন। তিনটি কারণ বলুন, কেন দর্শক সিনেমা হলে গিয়ে ‘সাপলুডু’ দেখবেন? মিম একে একে তিনটি কারণই বলেন—১. গল্পই এই ছবির হিরো। ২. এক ছবিতে দেখা যাবে শুভ, জাহিদ হাসান, তারিক আনাম খানের মতো তারকাশিল্পীদের, ৩. পরিচালক গোলাম সোহরাব দোদুলের নির্মাণশৈলী চোখে লেগে থাকবে, যেটা আসলে না দেখলে মিস।