
বহুদিনের বহু ইতিহাসের সাক্ষী বিউটি বোর্ডিং এবার হলো মঞ্চনাটকের সেট। পুরোনো ঢাকার বহু পুরোনো এ দালানের উঠোনে ছিল বসার ব্যবস্থা। সেখান থেকে দোতলার দুই ও নিচতলার ২৫-২৬ নম্বর ঘরের দিকে চেয়ে দর্শকেরা দেখলেন ভিন্ন আয়োজনের এক নাটক সারারাত্তির।
গতকাল শুক্রবার সন্ধ্যায় মঞ্চস্থ হলো তীরন্দাজ নাট্যদলের নতুন প্রযোজনা সারারাত্তির। নাটকের গল্পে রাজধানীতে চাকরিরত এক দম্পতি গ্রামে বেড়াতে গিয়ে ঝড়বৃষ্টিতে আটকে পড়ে একটি পোড়োবাড়িতে। সেখানে বাস করা নিঃসঙ্গ এক বুড়োর সঙ্গে আলাপের মধ্য দিয়ে নিজেদের সম্পর্কে নতুন করে ভাবতে শুরু করে তারা। শহুরে জীবন কখনোই তাদের সেসব ভাবার অবকাশ দেয়নি।
বাদল সরকারের লেখা ও দীপক সুমনের নির্দেশনায় নাটকটিতে অভিনয় করেছেন এ কে আজাদ সেতু, শোভন দাস, খায়রুল আলম, নাসরিন নাসা ও দীপক সুমন। নাটকের আগে ওই উঠোনেই হলো আড্ডা ‘নদীর জলে আগুন ছিল’। দর্শকদের সঙ্গে আড্ডা দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব শংকর সাঁওজাল, নৃত্যশিল্পী লুবনা মারিয়াম, কবি ও নির্মাতা টোকন ঠাকুর এবং সংস্কৃতিকর্মী সামিনা লুৎফা। বিউটি বোর্ডিংয়ের পরিচালক সমর সাহা জানালেন, আগে অনেক মহড়া হলেও এবারই প্রথম নাটকের প্রদর্শনী হচ্ছে এ উঠোনে।