বিএফডিসিতে কাল 'ওরা ১১ জন'
ওরা ১১ জন ছবির শিল্পী-কলাকুশলীদের সংবর্ধনা দেবে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। আগামীকাল বৃহস্পতিবার দুপুরে বিএফডিসির (বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা) জহির রায়হান ভিআইপি প্রোজেকশন মিলনায়তনে এই সংবর্ধনা দেওয়া হবে। এরপর প্রদর্শিত হবে চাষী নজরুল ইসলাম পরিচালিত ওরা ১১ জন।
গতকাল মঙ্গলবার দুপুরে বিএফডিসির মান্না ডিজিটাল কমপ্লেক্স মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে পরিচালক সমিতি। সেখানে বিগত দিন ও আগামী দিনে চলচ্চিত্রের উন্নয়নে সমিতির নানা কার্যক্রম নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এর সদস্যরা। সেখানেইওরা ১১ জন ছবির শিল্পীদের সংবর্ধনার বিষয়টি জানানো হয়।
অনুষ্ঠানে সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘এর আগে জীবন থেকে নেয়া ছবিটি নিয়ে অনুষ্ঠান করেছি। এবার ওরা ১১ জন নিয়ে করছি। এভাবে এক–এক করে কালজয়ী চলচ্চিত্রগুলোকে সামনে আনতে চাই। এই ছবিগুলোয় যে গুণী শিল্পীরা কাজ করেছেন, তাঁরা যে কত আন্তরিকতা দিয়ে কাজ করেছেন, সেই গল্প তাঁদের মুখ থেকে শুনতে চাই। এতে তরুণ প্রজন্ম অনেক কিছু শিখতে পারবে। পাশাপাশি জ্যেষ্ঠ সেই শিল্পীদের আমরা সম্মানও জানাতে পারব।’
এ সময় উপস্থিত ছিলেন সমিতির মহাসচিব বদিউল আলম খোকন, পরিচালক শাহ আলম কিরণ, আহমেদ ইলিয়াস ভূঁইয়া, নূর মোহাম্মদ মনি, শাহিন সুমন, আহম্মদ আলী মণ্ডল, অপূর্ব রানা এবং ওরা ১১ জন ছবির শিল্পীদের সংবর্ধনা ও ছবির প্রদর্শন উদ্যাপন কমিটির আহ্বায়ক শাহিন কবির টুটুল। সংবাদ সম্মেলনে পরিচালক সমিতির সভাপতি বলেন, এই ছবির নায়িকা শাবানা গত সোমবার যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন। তাঁরও অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্ভাবনা আছে।