বিকল্প উদ্যোগে চলছে তারা টিভি
বিকল্প উদ্যোগে ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় টিভি চ্যানেল তারা টিভি নেটওয়ার্কের নিয়মিত সম্প্রচার অব্যাহত আছে। গত সোমবার রাত থেকে আবার প্রচারিত হচ্ছে নিয়মিত অনুষ্ঠানগুলো। এরই মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারা টিভি নেটওয়ার্কের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কথা বলেছেন। আশ্বাস দিয়েছেন সমস্যা দ্রুত মেটানোর।তারা টিভি নেটওয়ার্কের আইটি ব্যবস্থাপক কৌশিক শীল প্রথম আলোকে জানান, মুখ্যমন্ত্রী তাঁর দলের কেন্দ্রীয় সম্পাদক মুকুল রায়কে পাঠিয়ে তারার কর্মকর্তা ও কর্মচারীদের বলেছেন, এই টিভি চ্যানেল বন্ধ হতে দেওয়া হবে না। আর তারা টিভি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত কর্মকর্তা ও কর্মচারীদের সিদ্ধান্ত, প্রয়োজনে তাঁরা নিজস্ব উদ্যোগে এই টিভি চ্যানেলের নিয়মিত সম্প্রচার অব্যাহত রাখবেন।১৪ এপ্রিল তারা টিভি নেটওয়ার্কের মালিক সারধা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সুদীপ্ত সেন একটি ই-বার্তার মাধ্যমে তারা টিভি নেটওয়ার্কের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক (অর্থ ও প্রশাসন) ইন্দ্রজিৎ রায়কে জানান, সারধা গ্রুপ তাদের সব প্রচারমাধ্যম বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।