বিকল্প পথে 'আইসক্রিম'
আজ সোমবার কুমিল্লায় শুরু হচ্ছে আইসক্রিম ছবির বিকল্প প্রদর্শনী। আজ থেকে ১০ মে পর্যন্ত প্রতিদিন কুমিল্লার টাউন হলে এই ছবির প্রদর্শনী চলবে। এর মধ্য দিয়ে আইসক্রিম ছবিটি দেশের বিভিন্ন জেলায় বিকল্প উপায়ে প্রদর্শনী শুরু করল। আইসক্রিম-এর পরের গন্তব্য সিলেট, চট্টগ্রাম, খুলনা, যশোর ও রংপুর। ছবির পরিচালক রেদওয়ান রনি এসব তথ্য জানিয়েছেন।
গত ২৯ এপ্রিল দেশের ২৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় আইসক্রিম। ছবির বিকল্প প্রদর্শনী নিয়ে রনি বলেন, ‘এ সময়ের শিক্ষার্থী এবং মধ্যবিত্ত শ্রেণির দর্শক সিনেমা দেখতে চায়। কিন্তু বেশির ভাগ সিনেমা হলে ছবি দেখার মতো পরিবেশ না থাকায় অনেকেই সিনেমা দেখার আগ্রহ পায় না। ঢাকার বাইরের সেসব দর্শকের কথা ভেবেই আমরা দেশের বিভিন্ন জেলায় আইসক্রিম-এর বিকল্প প্রদর্শনী করতে চাই।’
কুমিল্লা টাউন হলে প্রতিদিন বেলা সাড়ে ১১টা থেকে শুরু হবে ছবির প্রদর্শনী। এই ছবির তিনটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন উদয়, তুষি ও রাজ। ছবির নির্মাতা ও অভিনয়শিল্পীরা বিকল্প প্রদর্শনীতে উপস্থিত থাকবেন বলেও রনি জানান।