বিকল্প পথে 'বাপজানের বায়োস্কোপ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বাপজানের বায়োস্কোপ’ ছবির দৃশ্য
‘বাপজানের বায়োস্কোপ’ ছবির দৃশ্য

প্রেক্ষাগৃহে প্রদর্শনের ক্ষেত্রে বিরূপ পরিস্থিতিতে পড়ার পর এবার বিকল্প পথে যাত্রা শুরু করছে ‘বাপজানের বায়োস্কোপ’ ছবিটি। দেশের বিভিন্ন জেলায় এ ছবির প্রদর্শনীর আয়োজন করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ‘কারুকাজ ফিল্মস’। শুরুতে আগামীকাল শুক্রবার ও পরদিন শনিবার ‘বাপজানের বায়োস্কোপ’ ছবির প্রদর্শনী হবে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের মিলনায়তনে (কে সি দে রোড, নন্দন কানন, অন্দর কিল্লা, চট্টগ্রাম)।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দর্শনীর বিনিময়ে ছবিটি দেখতে পাবেন দর্শকেরা। শুক্রবার ও শনিবার প্রতিদিন সকাল ১০টা, বেলা তিনটা, বিকেল পাঁচটা এবং সন্ধ্যা সাতটায় চলচ্চিত্রটি প্রদর্শিত হবে। এ সময় উপস্থিত থাকবেন ছবির শিল্পী ও কলাকুশলীরা।
গত বছর ১৮ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘বাপজানের বায়োস্কোপ’। ছবির পরিচালক, প্রযোজক ও কারুকাজ ফিল্মসের ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুল রিজু বলেন, ‘দেশের ৪২টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পেয়েছিল। কিন্তু কোনো কারণ ছাড়া কিংবা আমাদের না জানিয়ে অদৃশ্য হস্তক্ষেপে প্রথম দিনেই ৩৮টি প্রেক্ষাগৃহ থেকে নামিয়ে দেওয়া হয় ছবিটি।’ তিনি বলেন, ‘আমরা মনে করি, এর ফলে দেশের অসংখ্য দর্শক এ ছবি দেখা থেকে বঞ্চিত হয়েছেন। তাই আমরা বিকল্প উপায়ে দেশের দর্শকদের কাছে ছবিটি নিয়ে যাচ্ছি। আশা করছি, দর্শক আমাদের সমর্থন জানাবেন।’
‘বাপজানের বায়োস্কোপ’ ছবিতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, সানজিদা তন্ময়, মাসুদ মহিউদ্দিন, হাফসা মৌটুসী, তারেক বাবু প্রমুখ। এ ছবির জন্য গান লিখেছেন মাসুম রেজা, আমিরুল ইসলাম, অয়ন চৌধুরী ও মাসুদ মহিউদ্দিন। ছবির গানে কণ্ঠ দিয়েছেন এস আই টুটুল, চন্দনা মজুমদার, শিমুল খান, মাসুদ মহিউদ্দিন, সায়েম বিপ্লবসহ অনেকই। গানের সংগীতায়োজন করেছেন অমিত মল্লিক।

‘বাপজানের বায়োস্কোপ’ ছবির কাহিনিকার মাসুম রেজা। আর যৌথভাবে এ ছবির জন্য চিত্রনাট্য লিখেছেন মাসুম রেজা ও রিয়াজুল রিজু।