বিকল্প প্রদর্শনীতে 'ভুবন মাঝি'
ঢাকা ও চট্টগ্রামে চলছে সরকারি অনুদানে নির্মিত মুক্তিযুদ্ধের ছবি ভুবন মাঝি। ঢাকার বিভিন্ন প্রেক্ষাগৃহ ঘুরে দেখা গেছে এই ছবি নিয়ে দর্শকদের ব্যাপক আগ্রহ। গতকাল সোমবার থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে (টিআইসি) ‘বিকল্প ব্যবস্থায়’ ছবিটির প্রদর্শনী শুরু হয়েছে। জানা গেছে, সেখানেও এই ছবি দর্শক-সাড়া পাচ্ছে। দিনের প্রথম প্রদর্শনী ‘হাউসফুল’; আর দ্বিতীয়টিতে মিলনায়তন ছিল ৮০-৯০ শতাংশ ভরা।
চট্টগ্রামে ভুবন মাঝি ছবির বিকল্প ব্যবস্থার এই প্রদর্শনী চলবে ১১ মার্চ পর্যন্ত। এরপর সেখান থেকে ছবিটি যাবে সিলেটে। সিলেটের দর্শকেরা ছবিটি ১২ থেকে ১৬ মার্চ পর্যন্ত নগরীর কবি নজরুল ইসলাম মিলনায়তনে দেখতে পারবেন। এরপর একে একে কুষ্টিয়া, রাজশাহী ও খুলনায়ও হবে ভুবন মাঝির বিকল্প প্রদর্শনী।
এই ছবির পরিচালক ফাখরুল আরেফীনের সঙ্গে কথা হয় বিকল্প প্রদর্শনী নিয়ে। তিনি বলেন, তাঁরা আলোচনা করছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গে। যদি সবকিছু ঠিকমতো এগোয়, তাহলে শিল্পকলা একাডেমির সহযোগিতায় মুক্তিযুদ্ধের এই ছবি বিকল্প প্রদর্শনীর সুবাদে দেশের বিভিন্ন অঞ্চলের দর্শকেরা দেখতে পারবেন।
ঢাকায় এই ছবির প্রদর্শনীর পরের অবস্থা জানতে চাইলে ফাখরুল আরেফীন বলেন, সপ্তাহের শুরুর দুই দিনে প্রেক্ষাগৃহে দর্শকদের ভালো সাড়া পেয়েছেন। পরে কর্মদিবস শুরু হয়ে যাওয়ায় ভিড় কিছুটা কম ছিল। এরপরও দর্শক উপস্থিতি সন্তোষজনক।
ভুবন মাঝির নির্মাতার এই বক্তব্যের সূত্রেই যোগাযোগ করা হয় শ্যামলী প্রেক্ষাগৃহে। সেখানকার ব্যবস্থাপক আহসানউল্লাহ হাসান বলেন, সাধারণ সময়ের চেয়ে ছবিটির দর্শকসংখ্যা বেশি। শুক্র ও শনিবার ভালো ব্যবসা করেছে।