বিকল্পধারা একটা চেতনার নাম

শিল্পকলা একাডেমির চিত্রশালার সামনের চত্বরে গতকাল সকালে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের ৩০ বছর পূর্তি অনুষ্ঠানের উদ্বোধন হলো।
উদ্বোধনী অনুষ্ঠানের পর চিত্রশালা মিলনায়তনে শুরু হয় স্মৃতিচারণা অনুষ্ঠান। গত ৩০ বছরের দিনগুলো নিয়ে স্মৃতিচারণা করেন সংগঠনের সাবেক নেতারা। চলচ্চিত্রকার তানভীর মোকাম্মেল বলেন, ‘একসময় তো এফডিসি না-ও থাকতে পারে। কিন্তু বিকল্পধারা থাকতে হবে। বিকল্পধারা একটা চেতনার নাম। এ বিকল্প হচ্ছে ক্ষমতার বিরুদ্ধে বিকল্প, বাণিজ্যের বিরুদ্ধে বিকল্প, আমলাতন্ত্রের বিরুদ্ধে বিকল্প। বিকল্পের স্পিরিটটাই হচ্ছে শর্ট ফিল্ম ফোরামের প্রাণভোমরা।’
চলচ্চিত্র আন্দোলনের কথা স্মরণ করে মানজারে হাসিন মুরাদ বলেন, ‘আমরা ১৬ মিলিমিটার ক্যামেরার কাজের সুযোগ তৈরি করার জন্য একটি মিছিল নিয়ে এফডিসিতে যাই। যেতে যেতে হঠাৎ প্রচুর বৃষ্টি। আমাদের প্রধান ফটকের বাইরে দাঁড় করিয়ে রাখা হলো। এরপর সুজা ভাই (এফডিসির কর্মকর্তা) ছাতা মাথায় এসে আমাদের বললেন, “তোমাদের এফডিসিতে ঢুকতে দেওয়া হবে না। তোমাদের কী দাবি আছে সেটা বলো।” আমার এখনো মনে আছে, বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে সুজা ভাইকে সব দাবিদাওয়া বলতে শুরু করেছিলাম।’
মোরশেদুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অ্যান্ড ইনস্টিটিউট তখন প্রথমবারের মতো একটি ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স চালু করেছিল। সেই কোর্সের আমরা ছাত্র ছিলাম। ওই কোর্সটা শেষ করার পরই আমাদের চলচ্চিত্র নির্মাণের বাসনাটা আরও তীব্র হলো। বিশেষ করে আলমগীর কবির ভাইয়ের আগ্রহে ও অনুপ্রেরণায়। আমরা ছবির কাজে নেমে পড়লাম। তানভীর ভাই শুরু করলেন হুলিয়া, আমি আগামী ও তারেক মাসুদ শুরু করল আদম সুরত ছবির কাজ।’
দুই দিনব্যাপী অনুষ্ঠানে আজ দেখানো হবে আশির দশক, নব্বইয়ের দশক এবং বর্তমান সময়ে নির্মিত নির্বাচিত চলচ্চিত্র।