বিকেলের পাঠশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেলিম আল দীন
সেলিম আল দীন

১৮ আগস্ট ছিল সেলিম আল দীনের জন্মদিন। এই দিনটি উপলক্ষে স্মরণ করা হলো তাঁকে
এক মেঘহীন আলোময় দিনে উড়াল দিয়েছিলাম স্বপ্নের সারসের মতো, যেখানে শীতের বার্তাবহ অনেক পাখি আসে সাইবেরিয়া থেকে। সবুজাভ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসে যেদিন প্রথম যাই, আমার বাবা মহিউদ্দিন চৌধুরী তাঁর একটি কাব্যগ্রন্থ দিয়ে বললেন, বইটি যেন নাট্যকার সেলিম আল দীনের হাতে দিই। সম্ভ্রান্ত আকাশকে সঙ্গী করে যখন আরণ্যক ক্যাম্পাসের শানবাঁধানো লাল দালানে সেলিম স্যারের ঘরের সামনে পৌঁছাই, তখন অন্তরঙ্গ দুপুর। রেড কার্পেটের মতো রোদ-বিছানো পুরো করিডর। প্রীতিময় পরিচয়পর্বের মাঝামাঝি পর্যায়ে রিডিং গ্লাসের ফোকর দিয়ে অতর্কিত নির্দেশ—
: বাবা, শার্টের বুকের বোতামটা লাগাও।
: কেন? হুমায়ুন ফরীদির শার্টের বোতামও তো খোলা থাকে।
পিঠাপিঠি উত্তর দিয়ে মনে হলো, এভাবে সরাসরি বলা উচিত হয়নি। বাক্যটা শোনার পর চটপট টিল্ট-আপ করে দেখলেন আমাকে। প্লুত হাসির পরাগ ছড়িয়ে বললেন,
: আগে ফরীদির মতো হয়ে নে বাবা; তারপর শার্টের বোতাম খোলা রাখিস।
হাত ইশারায় বসতে বললেন সামনে। খুঁটিনাটি জিজ্ঞাসার সঙ্গে চা। তাঁর কাছ থেকে ছাড়া পেয়ে ক্যাম্পাসে হেঁটে হেঁটে মুগ্ধতার খোরপোশ নিয়ে অনিকেত ঘর হলে ফিরছি। খোলা আকাশ, চারপাশ সবুজ আর লাল ইটের সীমারেখা, তার পরও মনে হচ্ছে সমুদ্রে ভাসছি। অহর্নিশ আছড়ে পড়ছে স্বপ্নের ঢেউ। সেই থেকে সেলিম স্যারের সঙ্গে সম্পর্ক। আমার পড়ালেখা অর্থনীতিতে। যেহেতু আমি তাঁর সরাসরি ছাত্র নই। ফলে, ছাত্র-শিক্ষকের যে দেয়াল গড়ে ওঠে, তা আমাদের মধ্যে ছিল না। কবিতা লিখি, জাহাঙ্গীরনগর থিয়েটার করি আর সমকালীন বিশ্বসাহিত্যের খোঁজখবর রাখা—এসবই হচ্ছে সেলিম স্যারের সঙ্গে আড্ডা-গল্প কিংবা আলোচনার সাঁকো। প্রায় প্রতিদিন বিকেলে তিনি ক্যাম্পাসে হাঁটতেন, এটা তাঁর নিত্যপ্রিয় অভ্যেস। একা একা হাঁটতে কখনো দেখা যায়নি, দল নিয়ে হাঁটতেন; শুদ্ধ করে বলা উচিত দল তাঁর সঙ্গে হাঁটত। সুবর্ণ বিকেলের সেই দলে শুধু নাট্যতত্ত্ব বিভাগেরই নয়, অন্যান্য বিভাগের ছেলেমেয়েরাও থাকত। এ যেন এক বিকেলের ধাবমান পাঠশালা। হাঁটার সময় ইচ্ছে করেই বোধবর্জিত হয়ে যেতাম। ফলে, বোকার মতো প্রশ্ন করা যেত। বিকেলের আড্ডাকে মনে হতো একেকটি সার্বভৌম পরিপূর্ণ চৌকস ক্লাস। অনাবিল আকাশ সে ক্লাসের ছাদ। চারপাশের গাছপালা সে ক্লাসের প্রাচীর। যেদিন পাখি নিয়ে আলোচনা, মনে হতো পক্ষীবিশারদ সেলিম আল দীন। যেদিন বৃক্ষ নিয়ে, সেদিন বৃক্ষবন্ধু কিংবা যেদিন মেঘের প্রসঙ্গ আসত—কালিদাসের মেঘদূত, মেঘ নিয়ে যাবতীয় মিথ, লোকজ উপাদান, মেঘের বৈজ্ঞানিক ব্যাখ্যা, সব শুনে মনে হতো, মানুষটা একেবারেই মেঘসংসারী। বিকেলের ক্লাসে যে-কেউ থাকতে পারত, এ এক মুক্ত বিহার। কোনো নিয়ম ছিল না। শুধু একটা নিয়ম ছিল কড়া, হাঁটতে গিয়ে কেউ তাঁর সামনে যেতে পারত না। বিকেলের এই পাঠশালায় নেই কোনো টিউটোরিয়াল, কুইজ বা এক্সাম। এ যেন মুক্তবুদ্ধিচর্চার পাঠচক্র। কে, কবে, কোন সালে নোবেল পেলেন? নোবেলপ্রাপ্তির বাঁধভাঙা উচ্ছ্বাস, না পাওয়ার অন্তহীন নীরব হাহাকার...কখনো আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠতেন তিনি নিজেই। তারুণ্যের প্রশ্নবাণে জর্জরিত হতেন। বিতর্ক জমে উঠত তাঁর শিল্পসৃষ্টি নিয়ে। রোমান্টিক সোশ্যাল মেলোড্রামার ক্লিশে ইতিহাসকে গুঁড়িয়ে দিয়ে তিনি কেন শুরু করলেন নাটকে বাংলা সংস্কৃতির স্বরূপ সন্ধান? আমরা বুঝতে চাইতাম। বিকেলের পাঠশালায় উচ্চারিত হতো মঞ্চনাটকে ঔপনিবেশিক দাসত্বের মনোজাগতিক শৃঙ্খলমুক্তির মন্ত্রপাঠ।