বিক্রম কি সেদিন মদ্যপ ছিলেন?
দুর্ঘটনার পর এখন জামিনে মুক্ত ভারতের বাংলা টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা বিক্রম। দুর্ঘটনায় নিহত মডেল সোনিকা সিংহ চৌহানের জন্য সংবাদ সম্মেলনে চোখের জলও ফেলেছেন তিনি। তবে বিতর্ক থেকে নেই। বন্ধুমহল ও সোনিকার পরিবার বলছে, দুর্ঘটনার দিন মদ্যপ অবস্থায় গাড়িতে উঠেছিলেন বিক্রম।
আনন্দবাজার পত্রিকার খবর বলছে, সোনিকার মা-বাবা অভিযোগের আঙুল তুলছেন বিক্রম চট্টোপাধ্যায়ের দিকেই। বন্ধুদেরও অভিযোগ, বেপরোয়া গতিতে গাড়ি চালানো এবং ট্রাফিক আইন না মেনে চলার জেরেই সোনিকার প্রাণ গেছে।
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে বন্ধুরা ‘জাস্টিস ফর সোনিকা’ নামে একটি পেজ খুলেছেন। তাতে একাধিক লেখা এবং ছবি আপলোড করা হচ্ছে। টালিগঞ্জ ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত সোনিকার বন্ধুরা বলছেন, সে রাতে একাধিক ক্লাবে গিয়ে বিক্রম ও তাঁর বন্ধুরা মদ্যপান করেছিলেন।
অঙ্কিতা বি বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি ও তাঁর বন্ধুরা দুটি আলাদা জায়গায় বিক্রমকে মদ্যপান করতে দেখেছেন। বিক্রমকে উদ্দেশ করে তিনি ‘জাস্টিস ফর সোনিকা’ পেজে লিখেছেন, ‘মনে রেখো তুমি মদ্যপান করেছিলে না করোনি তা কিন্তু অনেকেই দেখেছেন। ফলে তোমার বয়ান মিথ্যে প্রমাণিত হতে পারে। তোমার জন্য লজ্জা হচ্ছে। অন্তত সৎ থাকতে পারতে। এত মিথ্যে কথা বলাটা নিজের বিবেকের কাছে বোঝা মনে হচ্ছে না?’
গত শুক্রবার সংবাদ সম্মেলনে সোনিকার জন্য কেঁদেছিলেন বিক্রম। বলেছিলেন, সোনিকার জন্য তাঁর খুব কষ্ট হচ্ছে। সেই কান্নাকেও ‘কুম্ভীরাশ্রু’ বলে ফেসবুকে চিহ্নিত করেছেন নভোলীন দাশ নামের এক ব্যক্তি। তাঁর প্রশ্ন, ‘এমন একটা ঘটনার এক সপ্তাহ পর সোনিকার বাবা-মায়ের সঙ্গে দেখা করার কথা মনে হলো বিক্রমের?’
সোনিকার বন্ধু সাহেব গতকাল রোববার আনন্দবাজার পত্রিকাকে বলেন, ‘তদন্তেই সব উঠে আসবে। তার আগে কিছু বলতে চাই না। তবে সোনিকার মৃত্যুর পরেও ওর বন্ধুরা ওর পাশে আছে। এই বিষয়ে আর কিছু বলার মতো অবস্থায় আমি নেই।’
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোনিকা-বিক্রমের সঙ্গে গত ২৮ এপ্রিলের পার্টিতে তাঁদের যে বন্ধুরা উপস্থিত ছিলেন, তাঁদের সবাইকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারী পুলিশ কর্মকর্তারা। বিক্রমের বয়ান রেকর্ড করার পরে তাঁদেরও বয়ান রেকর্ড করা হবে।