বিগ বসে বাংলাদেশি মডেল

ভারতের অন্যতম জনপ্রিয় টিভি রিয়েলিটি অনুষ্ঠান ‘বিগ বস’-এর সপ্তম মৌসুমে যোগ দিয়েছেন বাংলাদেশি মডেল আসিফ আজিম। জানা গেছে, গত সপ্তাহে প্রতিযোগিতা থেকে অভিনেত্রী হ্যাজেল কিচ ছিটকে পড়ার পর এবার তাঁর জায়গায় লড়াইয়ে শামিল হচ্ছেন আসিফ। এরই মধ্যে কালারস টিভিতে শুরু হয়েছে এই রিয়েলিটি শো।
এই রিয়েলিটি অনুষ্ঠানে ১৪ প্রতিযোগীকে তিন মাস বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়। ‘বিগ বস’-এর বানানো সেটের ভেতরেই জীবন যাপন করতে হয় তাঁদের। নতুন ফরম্যাটে এবারের ‘বিগ বস’-এ দুটো আলাদা অংশ করা হয়েছে—স্বর্গ ও নরক।
আসিফ ভারতের মুম্বাইয়ে আছেন নয় বছর ধরে। ভারতের টিভির বিজ্ঞাপনচিত্র ও র্যাম্পে নিয়মিত কাজ করছেন তিনি। সুযোগ পেয়েছেন চলচ্চিত্রেও। আসিফ অবশ্য ‘বিগ বস’-এর স্বর্গের আরাম কিংবা নরকের অস্বস্তি নিয়ে কিছুই ভাবছেন না। তিনি জানালেন, এই অনুষ্ঠান দিয়ে তিনি ভারতের দর্শকের আরও কাছে পৌঁছে যেতে চান। পিটিআই।