বিগ বসের প্রতি পর্বে সালমান পাচ্ছেন ৭.৭৫ কোটি
বক্স অফিস সাফল্যের পাশাপাশি পণ্যের দূতিয়ালি এবং টেলিভিশন অনুষ্ঠান সঞ্চালনায় ঈর্ষণীয় সাফল্য দেখিয়েছেন বলিউডের অভিনেতা সালমান খান। গত বছরের ৭ অক্টোবর থেকে ‘বিগ বস ৬’ রিয়েলিটি শোয়ের প্রচার শুরু হয়েছে। অনুষ্ঠানটির সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করছেন সালমান। সম্প্রতি তিনি জানিয়েছেন, অনুষ্ঠানটির প্রতি পর্ব সঞ্চালনার জন্য পৌনে আট কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন। এর আগে প্রকাশিত খবরে দাবি করা হয়েছিল, বিগ বসের প্রতি পর্ব থেকে চার কোটি রুপি পারিশ্রমিক পাচ্ছেন সালমান। সম্প্রতি তাঁর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘প্রতি পর্বে চার কোটি নয়, ৭.৭৫ কোটি রুপি নিচ্ছি আমি। এ ছাড়া অনুষ্ঠানটির প্রতি পর্বের পুনঃপ্রচার থেকে আরও এক কোটি রুপি যোগ হচ্ছে আমার অ্যাকাউন্টে।’ এক খবরে এমনটিই জানিয়েছে জিনিউজব্যুরো। সংবাদকর্মীদের উদ্দেশে সালমান মজা করে আরও বলেন, ‘পারিশ্রমিকের এ অঙ্কটা আপনারা ফলাও করে প্রচার করুন। তারপর দেখুন সবার প্রতিক্রিয়া! বিষয়টি জানার পর সবাই অবাক হয়ে যাবেন এবং ভবিষ্যতে কেউই আর এই মূল্যে কাজ করার সুযোগ পাবেন না। ফলে সব কাজ আমার হাতে চলে আসবে। তখন প্রতি পর্বে ৫০ লাখ রুপি পারিশ্রমিক নেব আমি। আমার মনে হয়, সেটাই হবে আমার প্রকৃত পারিশ্রমিক। সব সময় অনুষ্ঠানের প্রযোজক এবং টিভি চ্যানেল কর্তৃপক্ষের সঙ্গে আমাদের দর কষাকষি করতে হয়। টাকার প্রয়োজন যত বেশি হয়, এই দর কষাকষির মাত্রাটাও তত বেড়ে যায়।’