বিচার না হলে সেপ্টেম্বরের শেষে সিনেমা হল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদের ওপর হামলার বিচার না হলে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে সারা দেশে সিনেমা হল বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রদর্শক সমিতির নেতারা। একই সঙ্গে অভিনেতা রিয়াজ, মিশা সওদাগর, পরিচালক বদিউল আলম ও প্রযোজক খোরশেদ আলমের কোনো ছবি বাংলাদেশের কোনো প্রেক্ষাগৃহে না চালানোর বিষয়টি চূড়ান্ত করেছে সংগঠনটি।

গত মঙ্গলবার রাতে রাজধানীর ঢাকা ক্লাবে সমিতির বার্ষিক সাধারণ সভা শেষে প্রদর্শক সমিতির সভাপতি ও মধুমিতা মুভিজের ব্যবস্থাপনা পরিচালক ইফতেখার উদ্দিন বলেন, ‘আমাকে হামলা করার সময় উপস্থিত ছিলেন তাঁরা। প্রতিবাদস্বরূপ তাঁদের অভিনীত, প্রযোজিত ও পরিচালিত কোনো ছবি সিনেমা হলে আমরা না চালানোর সিদ্ধান্ত নিয়েছি। এই হামলার বিচার না হলে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে সারা দেশে সিনেমা হল বন্ধ করে দেওয়া হবে।’ এই সভায় ঢাকা-৬ আসনের সাংসদ কাজী ফিরোজ রশীদ, প্রদর্শক সমিতির প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস, উপদেষ্টা মিয়া আলাউদ্দিন, সাধারণ সম্পাদক কাজী শোয়েব রশীদসহ সারা দেশের সিনেমা হলমালিক ও বুকিং এজেন্টরা উপস্থিত ছিলেন। তাঁরাও এই সিদ্ধান্তে হাত তুলে সহমত পোষণ করেছেন বলে জানান ইফতেখার উদ্দিন। তবে সভায় উপস্থিত সমিতির সাধারণ সম্পাদক কাজী শোয়েব রশীদ প্রথম আলোকে বলেন, ‘আমরা এখনো এ বিষয়ের একটা ইতিবাচক ও সম্মানজনক সমাধানের আশা রাখি। কেননা, অভিযুক্ত ব্যক্তিরা ব্যক্তিগতভাবে যোগাযোগ করে ক্ষমা চাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।’ সভা শেষে হলমালিকেরা অভিনেতা জায়েদ খান ও পরিচালক মুশফিকুর রহমান গুলজারের নামও নিষিদ্ধ করার প্রস্তাব দেন। তবে এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান সমিতির সাবেক সাধারণ সম্পাদক মিয়া আলাউদ্দিন।

যৌথ প্রযোজনার সিনেমায় অনিয়ম বন্ধের দাবিতে গত ২১ জুন সেন্সর বোর্ড ঘেরাও করে ‘চলচ্চিত্র পরিবার’। সেখানে অপ্রীতিকর পরিস্থিতির শিকার হন ইফতেখার উদ্দিন।