বিচারক মারায়ার পারিশ্রমিক ১৮ মিলিয়ন ডলার!
টিভি রিয়েলিটি শোর ইতিহাসে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া বিচারক হিসেবে রেকর্ড গড়তে যাচ্ছেন মার্কিন গায়িকা ও অভিনেত্রী মারায়া ক্যারি। সংগীতপ্রতিভা অন্বেষণমূলক মার্কিন টিভি রিয়েলিটি শো আমেরিকান আইডলের বিচারক হিসেবে দায়িত্ব পালন করার বিনিময়ে এক বছরে তিনি ঝুলিতে ভরবেন ১৮ মিলিয়ন ডলার।সম্প্রতি আমেরিকান আইডলের সাবেক বিচারক জেনিফার লোপেজের স্থলাভিষিক্ত হয়েছেন ৪২ বছর বয়সী এ তারকা। এক খবরে এমন তথ্যই প্রকাশ করেছে টিএমজি। টুইটার বার্তায় বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন মারায়া। তিনি লিখেছেন, ‘আমেরিকান আইডলের বিচারক হয়েছি। আমার প্রত্যাশা, কাজটি করে অনেক মজা পাব।’ মারায়া আরও লিখেছেন, ‘আমি নিজে একজন গীতিকার ও সংগীতশিল্পী। আমেরিকান আইডল অনুষ্ঠানের মাধ্যমে গানের জগতে নতুন প্রতিভা খুঁজে এনে তাঁদের প্রশিক্ষণ দেওয়ার সুযোগ পাব। সব মিলিয়ে আমি দারুণ উচ্ছ্বসিত।’ আমেরিকান আইডলের দশম ও একাদশ মৌসুমে বিচারক ছিলেন জেনিফার লোপেজ। দশম মৌসুমে তিনি পারিশ্রমিক পেয়েছিলেন ১২ মিলিয়ন ডলার। ‘এক্স ফ্যাক্টর’ রিয়েলিটি শোর বিচারকাজের বিনিময়ে ব্রিটনি স্পিয়ার্সের ১৫ মিলিয়ন ডলার পারিশ্রমিকের রেকর্ডটিও ভাঙতে যাচ্ছেন মারায়া।