বিচারকের আসনে রুনা-সাবিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যানেল আই সেরাকণ্ঠ ২০১০-এর চতুর্থ রাউন্ড কাল ১৭ আগস্ট থেকে শুরু হবে। রাউন্ডটির নাম রাখা হয়েছে ‘শ্যামলছায়া’। সেরা ২০ জনকে নিয়ে শুরু হচ্ছে এ পর্বের যাত্রা। আর এতে বিচারকের আসনে বসছেন সংগীতজগতের দুই নক্ষত্র—রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন। এবার এ দুই গুণী বিচারকের সঙ্গে আরও আছেন খ্যাতিমান সংগীত পরিচালক ইমন সাহা।এ আয়োজন সম্পর্কে সাবিনা ইয়াসমিন বলেন, ‘বরাবরের মতো এবারও আমরা বেশ কিছু নতুন সংগীত প্রতিভা খুঁজে পেয়েছি। চাইলে যারা ভবিষ্যতে আমাদের সংগীত ভুবনকে আলোকিত করতে পারবে। তা ছাড়া এবারের আসরে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন এ প্রজন্মের মেধাবী সংগীত পরিচালক ও সন্তানতুল্য ইমন সাহা। যা কি না এবার অনুষ্ঠানকে ভিন্নমাত্রা দিয়েছে। আমি মনে করি সেরাকণ্ঠের এ আসর থেকেও আমরা বেশ কিছু প্রতিভাবান নতুন কণ্ঠ পাব।’ অনুষ্ঠান নবীন বিচারক ইমন সাহা বলেন, ‘এ ধরনের একটি অনুষ্ঠানে বিচারকের কাজ পেয়েছি, আসলে আমি খুবই ভাগ্যবান। সাবিনা আন্টি ও রুনা আন্টির সঙ্গে বিচারকাজে যুক্ত হতে পেরে নতুন কিছু শিখছি।’প্রতিযোগিতার ২০ জন প্রতিযোগী হচ্ছে, জিনিয়া জাফরিন লুইপা, শরিফুল ইসলাম রবিন, তৌফিক আহমেদ মিল্টন প্রিয়, সায়নি শিঞ্জন, অন্যা আহমেদ, ইমরান, শারমিন ইয়াসমিন শাম্মী, ইয়ামিনুর রহমান শুভ, খেয়ালি কর্মকার, মনিকা বিশ্বাস, মৌসুমী সুলতানা, শান্ত আহমেদ, মেহেদী হাসান, শান্তনা মণ্ডল টিনা, বিপুল সরকার, তাহসিন সাবা দিপ্তি, তানজীম শরীফ মুগ্ধ, ফারাবী ইসলাম, আবদুল্লাহ আল মাসুম বিকসাম ও উম্মে কুলসুম ঊর্মি। অনুষ্ঠান প্রচারিত হবে প্রতি শুক্রবার ও মঙ্গলবার রাত সাতটা ৫০ মিনিটে।