বিচিত্র ধারার গান নিয়ে ‘প্রাণে গানে অন্তরে’
বাংলা সংগীতের বিচিত্র ধারার গান নিয়ে এবার অ্যালবাম তৈরি করেছে জাগরণ। নাম প্রাণে গানে অন্তরে। দুই সিডির এই অ্যালবামে গান আছে ৩২টি। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন জাগরণের শিল্পী শাফিনাজ আক্তার, ফারহানা শাওন, জান্নাত-এ-ফেরদৌসী, সুস্মিতা আহমেদ, নাসিমা খান, অণিমা রায়, স্বর্ণময়ী মণ্ডল, সানোয়ারা জাহান, বিমান চন্দ্র বিশ্বাস, শহীদ কবির, তজিরুল ইসলাম, রেজাউল করিম, বিজন চন্দ্র মিস্ত্রি, মাহমুদুল হাসান, দিদারুল করিম ও অদ্বৈত চন্দ্র রায়।অ্যালবামটির পরিকল্পনা ও সমন্বয় করেছেন জাগরণের মোস্তফা তৌহিদ খান। তিনি বলেন, ‘এখানে আছে রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, লালনগীতি, রজনীকান্তের গান, দ্বিজেন্দ্রগীতি, লোকসংগীত, দেশাত্মবোধক ও আধুনিক গান। আমরা এর আগে জাগরণের গান অ্যালবাম বের করেছি। ওখানে যাঁরা গান করেছেন, তাঁরা প্রত্যেকেই যথেষ্ট মেধাবী। তার প্রমাণ তুলে ধরার জন্যই বিচিত্র ধারার গানের এই অ্যালবাম তৈরির উদ্যোগ নিয়েছি।’এখানে তৌহিদকে সহযোগিতা করছেন ফারাহ দীনা গুঞ্জন। সংগীত পরিচালনা করেছেন অমিত বন্দ্যোপাধ্যায়। সার্বিক ব্যবস্থাপনায় স্টেপ মিডিয়া। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে অ্যালবামটির মোড়ক খোলার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সঙ্গে থাকবে গানও। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।