বিচিত্র শিল্পকর্মের সম্ভার নিয়ে জাতীয় প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় চিত্রশালা গ্যালারিতে চলছে শিল্পকর্মের মহাযজ্ঞ। গ্যালারিতে প্রবেশের আগেই কানে ভেসে এল নানা রকমের শব্দ। ত্রিমাত্রিক স্থাপনা শিল্পকর্মের আলোছায়ার বিচিত্র খেলা। গতানুগতিক ধারার বাইরে গিয়ে শিল্পীরা মনোযোগ দিয়েছেন নিরীক্ষার দিকে। কেউ রং নিয়ে, কেউ আবার বিষয় নিয়ে নিরীক্ষা করছেন বিভিন্ন মাধ্যমে। সব মিলিয়ে সমকালীন শিল্পকর্মের এক মহাসমারোহ ঘটেছে সেখানে।ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল শনিবার থেকে শিল্পকলা একাডেমীতে শুরু হয়েছে ১৫ দিনের ১৯তম জাতীয় চারুকলা প্রদর্শনী। বিকেলে জাতীয় নাট্যশালায় অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রদর্শনীর উদ্বোধন এবং বিজয়ী শিল্পীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি সচিব সুরাইয়া বেগম ও বরেণ্য চিত্রশিল্পী রফিকুন নবী। স্বাগত বক্তব্য দেন একাডেমীর সচিব মুশফিক আহমদ। উদ্বোধনের পরেই শিল্পানুরাগীদের উপস্থিতিতে ভরে ওঠে জাতীয় চিত্রশালা।২১১ জন শিল্পীর ২৬৫টি শিল্পকর্ম স্থান পেয়েছে এবারের প্রদর্শনীতে। এর মধ্যে চিত্রকর্ম ১৭৯টি, ছাপচিত্র ৩৯টি, ভাস্কর্য ২৬টি, বুনন চারটি ও ১৭টি স্থাপনা শিল্পকর্ম। অংশগ্রহণকারী শিল্পীদের মধ্য নয়জনকে পুরস্কৃত করা হয়। বিচারকমণ্ডলীতে ছিলেন রফিকুন নবী, সৈয়দ জাহাঙ্গীর, হাশেম খান, ফরিদা জামান ও মনসুরুল করিম। তাঁদের রায়ে আশরাফুল হাসান বাংলাদেশ শিল্পকলা একাডেমী পুরস্কার, রুহুল করিম ভাষাসৈনিক গাজীউল হক পুরস্কার, বিশ্বজিৎ গোস্বামী বেঙ্গল ফাউন্ডেশন, সাইদুল হক এবি ব্যাংক, এ কে এম ময়নুল ইসলাম বেগম আজিজুন্নেসা পুরস্কার এবং কামালুদ্দিন পেয়েছেন দীপা হক পুরস্কার। এ ছাড়া শিল্পকলা একাডেমী প্রদত্ত সম্মাননা পুরস্কার পেয়েছেন শেখ মনির উদ্দিন, তাসাদ্দুক হোসেন ও আবুল হোসেন ঢালী। প্রদর্শনী চলবে আগামী ১৭ জুন পর্যন্ত।