বিচ্ছু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছবিটি নাট্যকেন্দ্রের বিচ্ছু নাটকের। মলিয়রের এ নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন তারিক আনাম। ছবিতে ঝুনা চৌধুরীর সঙ্গে তারিক আনাম খান ও সুমনা। নাটকটিতে ঝুনা চৌধুরী অভিনয় করেছেন শওকত খাঁ চরিত্রে, তারিক আনাম চাঁদ সওদাগর আর সুমনা নূরানি বেগম চরিত্রে। নাটকটির ছবির কথা বলতে গিয়ে স্মৃতিচারণায় ঝুনা চৌধুরীর মুখে নাটকটি মঞ্চে আসার সময়কালের কথা উঠে আসে। ‘নাট্যকেন্দ্র গঠিত হয় ১৯৯০ সালে। পরপরই এ নাটকটি মঞ্চে আসে। ছবিটির মুহূর্ত ছিল—আমার হারিয়ে যাওয়া মেয়ের সঙ্গে চাঁদ সওদাগরের ছেলের প্রেম হয়। ওদিকে হারিয়ে যাওয়া মেয়েকে বড় করে নূরানি বেগম। ফলে মেয়ের সঠিক পরিচয় ছাড়া চাঁদ সওদাগর ছেলেকে বিয়ে দিতে রাজি নন। নূরানি এসে জানায়, মেয়েটি পাওয়ার সময় তাঁর গলায় একটি লকেট ছিল। সেখানে শওকত খাঁ লেখা ছিল। ফলে বেরিয়ে আসে মেয়ের আসল পরিচয়। এটাই হলো ছবির মুহূর্ত।’ বললেন ঝুনা চৌধুরী।‘নাটকটি মঞ্চে আসে ১৯৯১ সালের ৮ জানুয়ারি। প্রায় চার মাস আমরা মগবাজারে তারিক আনামের অফিসে রিহার্সেল করেছি। সে সময় মলিয়রের নাটক নিয়ে কাজও ঢাকার মঞ্চে কম ছিল। এ ছাড়া সিচুয়েশনাল কমেডি নাটকও কম ছিল। ফলে আমরা এ ধরনের নাটকটি নিয়ে কাজ করার চেষ্টা চালাই। আর সে সময় দলে একদল তরুণ নাট্যকর্মী—তারিক আনাম, আমি, জাহিদ হাসান, তৌকীর আহমেদ, ম ম মুরশেদসহ অনেকেই ছিলেন। ফলে থিয়েটার নিয়ে নিজেদের মধ্যে উত্তেজনাও কাজ করত। ওই সময়টাতে বিচ্ছু নিয়ে আমরা ধারণা করেছিলাম, ভালো একটা প্রযোজনা হবে।’ কিন্তু নাটকটি মঞ্চে আসার পর এর প্রভাব কতটুকু পড়েছিল? ‘প্রথম পাঁচটি প্রদর্শনীতে দর্শকের অংশগ্রহণে খুবই হতাশ হয়েছিলাম। পরে আস্তে আস্তে দর্শক বাড়তে থাকে। নাটকটির জনপ্রিয়তা চারদিকে ছড়িয়ে পড়তে থাকে। ঢাকার বাইরেও একাধিক ডাক আসতে থাকে নাটকটির প্রদর্শনীর জন্য। একটা সময় তো নাটকটি ঢাকার মঞ্চে ইতিহাস হয়ে গেল।’ নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়েছিল গাইড হাউস মিলনায়তনে। নাটকটি টানা ছয় বছর মঞ্চে ছিল। ১৯৯৭ সালের পর থেকে আর নিয়মিত মঞ্চায়ন হয়নি। মাঝে হাতেগোনা দু-একটি প্রদর্শনী বিচ্ছিন্নভাবে হয়েছে। এ পর্যন্ত নাটকটির প্রায় ১৭৮টি প্রদর্শনী হয়েছে।