

তাঁর নাম লরা অ্যালিসন ওয়াসার। ইংরেজি নামের প্রথম অক্ষরগুলো এক করলে সংক্ষেপে দাঁড়াবে ‘ল’ (LAW)। তাঁর বাবা ডেনিস ওয়াসার খুব ভেবেচিন্তেই মেয়ের এই নাম রেখেছিলেন। মেয়ে লরাও বাবার সেই নামের মান রক্ষা করেছেন। আইনজীবী হিসেবে তাঁর খ্যাতি এখন বিশ্বজোড়া। কিন্তু আইনজীবী কম, তাঁকে সবাই ‘বিচ্ছেদের রানি’ হিসেবেই চেনেন। কারণ বিবাহবিচ্ছেদের পারদর্শী এই আইনজীবী হলিউডের সব বড় তারকা দম্পতিদের বিচ্ছেদ ঘটিয়ে নিজেই হয়ে উঠেছেন তারকা। সম্প্রতি ব্র্যাঞ্জেলিনার বিচ্ছেদ ঘটনায় এ আইনজীবী নিয়েছেন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির পক্ষ, তিনি লড়বেন অভিনেতা ব্র্যাড পিটের বিপক্ষে। আজ তাই হলিউডের এই বিচ্ছেদ রানির ব্যাপারে জানব।

* যুক্তরাষ্ট্রের এ সময়ের প্রথম সারির বিবাহবিচ্ছেদ-বিষয়ক আইনজীবী লরা অ্যালিসন ওয়াসার। প্রতি ঘণ্টায় তাঁর পারিশ্রমিক ৮৫০ মার্কিন ডলার। প্রথম দফায় চুক্তি বাবদ তাঁকে দিতে হয় ২৫ হাজার মার্কিন ডলার। তা ছাড়া এ আইনজীবী কোনো মক্কেলের সঙ্গে চুক্তিতে যাওয়ার আগে তাঁর অর্থ-সম্পদের পরিমাণ যাচাই করে নেন। তিনি এমন মক্কেলের কেস হাতে নেন, যাঁর ব্যাংক ব্যালেন্স ন্যূনতম ১০ মিলিয়ন ডলার।
* ১৯৯১ সালে আইন বিষয়ে পড়াশোনা শেষ করে আইন পেশায় যোগ দেন লরা। ১৯৯৩ সালে নিজেই নিজের বিবাহবিচ্ছেদের মামলা সামাল দেন তিনি। এরপর দুই দফা প্রেমে পড়েছেন তিনি। কিন্তু বিয়ে করেননি আর। তিনি দুই সন্তানের জননী।
* নিজের কাজ ও পেশাগত দায়বদ্ধতার বিষয়ে দারুণ সচেতন এই আইনজীবী। টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘মক্কেলদের স্বার্থ উদ্ধারের বেলায় আমি বরাবরই একটি শক্ত অবস্থানে থাকি। আমি চেষ্টা করি সব আবেগকে একদিকে রেখে নিজের উদ্দেশ্যকে প্রতিষ্ঠিত করতে।’ ঠাট্টার ছলেই তিনি বলেন, ‘আমি শুধু বিচ্ছেদের ব্যাপারেই জানি। আমি জানি না কী করে বিয়ে টিকিয়ে রাখতে হয়!’
* নিজের সোজাসাপটা কথার জন্য বেশ খ্যাতি এ আইনজীবীর। তাঁকে বেশ জনপ্রিয় এক রিয়্যালিটি টিভি শোতে অংশ নেওয়ার জন্য মোটা অঙ্কের সম্মানীর প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু হাসিমুখে তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। কারণ, ব্যক্তিজীবন প্রদর্শন করে তারকা হওয়ার ইচ্ছা নেই লরার। তিনি তাঁর কাজ দিয়ে হতে চান সেরা।
* একটি জনপ্রিয় ফ্যাশন ম্যাগাজিনের প্রচ্ছদকন্যা হয়েছিলেন লরা। সে সময় তিনি বলেছিলেন, ‘বিচ্ছেদ নিয়ে কাজ করার মতো কাঠখোট্টা বিষয়কে আকর্ষণীয় আর চাকচিক্যময় করে তোলা সবার পক্ষে সম্ভব নয়।’
* লরার বাবা ডেনিস ওয়াসারও কিন্তু বেশ খ্যাতিমান আইনজীবী ছিলেন। ডেনিসকে তাঁর সময় বলা হতো ‘আমেরিকার সবচেয়ে ভয়ংকর বিচ্ছেদ-বিষয়ক আইনজীবী’।
লরা ওয়াসারের বিখ্যাত মক্কেলেরা
কিছুদিন আগেই লরা ওয়াসার মক্কেল জনি ডেপের হয়ে লড়েছেন অ্যাম্বার হার্ডের বিপক্ষে। তা ছাড়া তিনি বিচ্ছেদ ঘটিয়েছেন অ্যাস্টন কুচার-ডেমি মুর, স্কারলেট জোহানসন-রায়ান রেনল্ডস, অ্যাঞ্জেলিনা জোলি-বিলি বব থরটন, চার্লি শিন-ড্যানিশ রিচার্ডস, আর্নল্ড শোয়াের্জনেগার-মারিয়া স্রিভার, ব্রিটনি স্পিয়ার্স-কেভিন ফেডারলাইন, কিম কার্দাশিয়ান-ক্রিস হামফ্রিস, হেইডি ক্লাম-শিল। তা ছাড়া সংগীতশিল্পী স্টিভ ওয়ান্ডারও লরার নির্ভরযোগ্য মক্কেল। এ শিল্পীকে দুটো বিয়ের বন্ধন থেকে মুক্তি দিয়েছেন লরা। অভিনেত্রী জেনিফার গার্নারও (তাঁর স্বামী অভিনেতা বেন অ্যাফ্লেক) লরার মক্কেল।
অবাক হচ্ছেন তো, এত এত বড় তারকার ভিড়ে লরার মক্কেলের তালিকায় কেন নেই টম ক্রুজ-কেটি হোমসের নাম? কারণ, টম-কেটির বিচ্ছেদের মামলাটি দেখছেন তাঁর বাবা ডেনিস ওয়াসার। তা ছাড়া ডেনিসের বিখ্যাত মক্কেল তালিকায় আরও রয়েছে স্টিভেন স্পিলবার্গ, ক্লিন্ট ইস্টউডের মতো বাঘা বাঘা ব্যক্তির নাম।
আদর রহমান
গ্ল্যামার ম্যাগাজিন, ইউএস উইকলি, মিরর ও টেলিগ্রাফ ইউকে অবলম্বনে