বিচ্ছেদ নিয়ে সেলেনার গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি দুই বছরের প্রেমের ইতি টেনেছেন জাস্টিন বিবার ও সেলেনা গোমেজ। জীবনের এই বাঁক পরিবর্তন ব্যক্তি ও পেশাজীবনকে পাল্টে দিয়েছে বলে জানিয়েছেন ‘দ্য স্প্রিং ব্রেকার্স’খ্যাত মার্কিন গায়িকা ও অভিনেত্রী সেলেনা। মুক্তিপ্রতীক্ষিত নতুন অ্যালবামে তিনি গানে গানে ভক্তদের সঙ্গে নিজের জীবনের এ অভিজ্ঞতা তুলে ধরবেন বলেও জানিয়েছেন। এ প্রসঙ্গে সেলেনার ভাষ্য, ‘বিবারের সঙ্গে বিচ্ছেদের পর যে অবস্থার মধ্য দিয়ে আমাকে যেতে হয়েছে, তার সবই আমার নতুন অ্যালবামের গানে জানতে পারবেন ভক্ত ও শ্রোতারা। অ্যালবামটির রেকর্ডিংয়ের অর্ধেক কাজ শেষ হওয়ার পর আমাদের বিচ্ছেদ ঘটে। এর পরপরই নিজের জীবনের অভিজ্ঞতা সংগীতের মাধ্যমে প্রকাশের কাজ শুরু করি।’ এক খবরে এমনটিই জানিয়েছে এমটিভি নিউজ। সেলেনা আরও বলেন, ‘এ ধরনের কাজ আগে কখনো করিনি। নিজের একান্ত অনুভূতিগুলো যতটা সম্ভব সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার এ কাজ অনেক বেশি উপভোগ করছি আমি। আশা করছি, মার্চ মাসের মধ্যেই অ্যালবামটি প্রকাশ করতে পারব।’