বিচ্ছেদী প্রেমের টাইমলাইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কঙ্গনা রনৌত ও হৃতিক রোশন
কঙ্গনা রনৌত ও হৃতিক রোশন
এখন যারা গল্পটি শুনছে, অবাক হচ্ছে। ‘এমনও হয়েছিল নাকি?’—এই বলে বিস্ময় প্রকাশ করছে। সত্য-মিথ্যার বালাই নেই। ‘কাছের বন্ধু’র বরাত দিয়ে অনেকেই এখন হৃতিক রোশন ও কঙ্গনা রনৌতের গোপন প্রেমের অজানা অধ্যায় ফাঁস করে চলছে। হৃতিক আর কঙ্গনা কিন্তু গণমাধ্যমের কাছে মুখ খুলছেন না। তাঁরা কথা বলছেন নিজেদের আইনজীবীদের মুখ দিয়ে। এ পর্যন্ত বলিউড তারকা হৃতিক ও কঙ্গনার প্রেমের যে গল্প ছড়িয়েছে, চলুন, তা আজ জেনে নিই ফেসবুকের ‘টাইমলাইন’-এর মতো করে।

২০০৯: বন্ধুত্বের শুরু

শুরুটা হয়েছিল কাইটস ছবির সেট থেকে। সেখানে বন্ধুত্ব হয় হৃতিক রোশন আর কঙ্গনা রনৌতের। ওই সময় সুজানের সঙ্গে হৃতিকের সংসারজীবন ছিল টালমাটাল অবস্থায়। গণমাধ্যমে গুঞ্জন ছড়িয়েছিল, কাইটস ছবির নায়িকা স্প্যানিশ সুন্দরী বারবারা মোরির সঙ্গে গোপন প্রেমে জড়িয়েছেন হৃতিক।
অন্যদিকে কঙ্গনার সময়টাও তখন ঠিক ভালো ছিল না। প্রেমিক অধ্যয়ন সুমনের সঙ্গে তাঁর বিচ্ছেদ পর্বের সূচনা হয় তখন। তাই খারাপ সময়ই হৃতিক-কঙ্গনার বন্ধুত্বকে গাঢ় করে তোলে।

২০১২: কাছে আসা...
কাইটস ছবিটি মুক্তি পায় ২০১০ সালে। হৃতিক ও কঙ্গনার যোগাযোগ নিয়মিত হয়। একসময় সুজান খানের সঙ্গে সম্পর্ক খুব বেশি বিগড়ে গেলে কঙ্গনা পাশে দাঁড়ান হৃতিকের। ধীরে ধীরে তাঁদের বন্ধুত্ব বিশেষ সম্পর্কের দিকে এগোয়। কঙ্গনার সঙ্গে নিজের রসায়নকে আরও বেশি গাঢ় করতে হৃতিক তাঁর ছবি কৃষ থ্রির প্রস্তাব দেন কঙ্গনাকে। ওই সময় সুজানের সঙ্গে অনেক চড়াই-উতরাই পেরিয়েও সংসার টিকিয়ে রাখার চেষ্টায় ছিলেন হৃতিক। কোনো এক অজ্ঞাত কারণে কঙ্গনাকে হৃতিক জানিয়েছিলেন, আর যা-ই হোক, সুজানকে কখনো ডিভোর্স দেবেন না তিনি। কিন্তু মন থেকে নাকি কঙ্গনাকে ভালোবেসে ফেলেছিলেন বলিউডের এই সুপারহিরো।

ডিসেম্বর, ২০১৩: সুজান অধ্যায়ের সমাপ্তি
আনুষ্ঠানিকভাবে ২০১৩ সালের ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে হৃতিক ও সুজান তাঁদের বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। তবে ডিসেম্বরের শুরুতেই নাকি হৃতিক এক ফোনালাপে কঙ্গনাকে জানান, সুজানের সঙ্গে সম্পর্কচ্ছেদের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এরপর জীবনসঙ্গী হিসেবে তিনি কঙ্গনাকেই গ্রহণ করতে চান। শেষ পর্যন্ত তাঁদের গোপন সম্পর্ক একটা স্বীকৃতি পাবে জেনে সে সময় কঙ্গনার আনন্দ আকাশ ছুঁয়ে যায়।

জানুয়ারি ২০১৪: বাগদান ও বিয়ের প্রস্তাব
সুজানের সঙ্গে ১৭ বছরের সংসারের পাট চুকিয়ে পুরোপুরি কঙ্গনায় মনোযোগী হন তিনি। প্যারিসে অবকাশযাপনে গিয়ে হৃতিক সেই কাঙ্ক্ষিত বিয়ের প্রস্তাব দিয়েই দেন কঙ্গনাকে। তাঁর দিকে আংটি বাড়িয়ে দিয়ে হৃতিক নাকি বলেছিলেন, ‘আমি জানি তুমিই একমাত্র ব্যক্তি, যে আমাকে কোনো শর্ত আর মূল্যায়ন ছাড়াই গ্রহণ করতে পারো।’

ফেব্রুয়ারি ২০১৪: বিপত্তির সূত্রপাত
পরের মাসেই হৃতিক ব্যাং ব্যাং ছবির শুটিংয়ে লম্বা সময়ের জন্য চলে যান ভারতের বাইরে। সে সময় গণমাধ্যমে হৃতিকের সঙ্গে তাঁর সহ-অভিনেত্রী ক্যাটরিনা কাইফের ঘনিষ্ঠতার গুঞ্জন ছড়ায়। কঙ্গনার মনে বিঁধে সন্দেহের তির। তিনি যোগাযোগ করার চেষ্টা করেন হৃতিকের সঙ্গে। কিন্তু কাজে ব্যস্ত হৃতিক কঙ্গনার কোনো ডাকেই সাড়া দেন না। এরপর থেকেই সম্পর্ক তেতো হয়ে ওঠে তাঁদের। কঙ্গনা হৃতিকের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন।

মে ২০১৪: প্রত্যাবর্তন
কুইন ছবির জন্য সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পান কঙ্গনা রনৌত। পুরো বলিউড তখন কঙ্গনার প্রশংসায় পঞ্চমুখ। কঙ্গনা অতীত ভুলে সাফল্য উদ্যাপনে ব্যস্ত তখন। এমনকি এক উঠতি বলিউড অভিনেতার সঙ্গে বেশ সখ্যও গড়ে ওঠে তাঁর। তখন আবারও হৃতিকের প্রত্যাবর্তন। করণ জোহরের একটি পার্টিতে দেখা হয় দুজনের। এর দিন কয়েক আগেই ই-মেইলের মাধ্যমে কঙ্গনাকে অভিনন্দন জানান হৃতিক। তাই পার্টিতে সেই মেইলের জন্য হৃতিককে ধন্যবাদ জানান কঙ্গনা। কিন্তু হৃতিক জানান, সেই মেইলটি নাকি তিনি পাঠাননি। তাই নিজের একাত্ম ব্যক্তিগত ই-মেইল আইডিটি সেই পার্টিতেই কঙ্গনাকে দেন হৃতিক। এরপর কিছুটা দূরত্ব কমে তাঁদের।

জানুয়ারি ২০১৬: এবার শত্রুতা
প্রায় এক বছর দুই পক্ষ নিশ্চুপ থাকার পর জল আবারও ঘোলা ওঠে এ বছরের জানুয়ারি মাসে। আশিকি থ্রি ছবির প্রস্তাব যায় হৃতিকের কাছে। তাঁর বিপরীতে থাকবেন কঙ্গনা। কিন্তু সাফ জানিয়ে দেন হৃতিক, ছবিটি করতে তিনি আগ্রহী, শুধু নায়িকা হিসেবে কঙ্গনাকে চান না তিনি। তাই সেই ছবিতে ছেঁটে ফেলা হয় কঙ্গনাকে। এ খবর শুনে সঠিক সময়ের অপেক্ষায় থাকেন কঙ্গনা। পরে এক সাংবাদিক তাঁকে আশিকি থ্রির বিষয়ে প্রশ্ন করলে তিনি হৃতিককে উদ্দেশ করে বলেন, ‘সিলি এক্স!’ ব্যস, আঁতে ঘা লেগে যায় হৃতিকের।

ফেব্রুয়ারি ২০১৬: আইনি লড়াই
শুরু হয় নতুন অধ্যায়। গণমাধ্যমে কাদা ছোড়াছুড়ি আর টুইট চালাচালি বাদ দিয়ে একেবারে আইনি লড়াইয়ে নামেন সাবেক প্রেমিক জুটি হৃতিক ও কঙ্গনা। প্রথমে হৃতিক আইনি নোটিশ পাঠান কঙ্গনার কাছে। তাতে অভিযোগ করেন, গণমাধ্যমে তাঁকে ঘিরে মানহানিকর মন্তব্য করেছেন কঙ্গনা। তাই এখন ক্ষমা চাইতে হবে। গণমাধ্যমের সামনে ‘সিলি এক্স’-বিষয়ক মন্তব্য প্রত্যাহার করতে হবে।

মার্চ ২০১৬: বর্তমান
কঙ্গনাও পাল্টা ২১ পৃষ্ঠার এক আইনি নোটিশ পাঠান হৃতিকের কাছে। কঙ্গনার কাছের এক বন্ধু যখন হৃতিক-কঙ্গনার প্রেমকাহিনির পুরোটাই ফাঁস করেছেন গণমাধ্যমে, তখন মুখ খুলেছেন হৃতিকের আইনজীবী দীপেশ মেহতা। বলেছেন, তাঁর মক্কেলের মানহানির জন্য গণমাধ্যমে এসব ছড়ানো হয়েছে। তিনি মজার তথ্য দেন গণমাধ্যমকে। ২০১৪ সালে করণ জোহরের পার্টিতে যে ই-মেইল আইডিটি হৃতিক দিয়েছিলেন কঙ্গনাকে, সেখানে নাকি কঙ্গনা এ পর্যন্ত ১৪৩৯টি ই-মেইল পাঠিয়েছেন। এর মধ্যে বেশির ভাগ ই-মেইলই নাকি ছিল আপত্তিকর। হৃতিকের আইনজীবী আরও জানিয়েছেন, তাঁর মক্কেল ধারণা করছেন, কঙ্গনা মানসিক সমস্যায় ভুগছেন। আর তাই যা কোনো দিন ঘটেনি, তা-ও কল্পনা করে নিচ্ছেন।
আদর রহমান
মুম্বাই মিরর, মিড-ডে, টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস ও ডেইলি ভাস্কর অবলম্বনে